হাওরে ফসলডুবি

দুর্নীতি তদন্তে গঠিত কমিটির বাঁধ পরিদর্শন

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সুনামগঞ্জ হাওরে ১২টি বাঁধ ভেঙে ফসল তলিয়ে যাওয়ার ঘটনায় বাঁধ নির্মাণে অনিয়ম দুর্নীতি তদন্তে গঠিত পানিসম্পদ মন্ত্রণালয়ের কমিটি বাঁধ পরিদর্শন করেছে। গতকাল মঙ্গলবার কমিটির ৬ সদস্য সুনামগঞ্জের ধর্মপাশা, তাহিরপুরে যান।

তদন্ত কমিটির আহ্বায়ক পানিসম্পদ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব সৈয়দা সালমা জাফরীন বলেন, ‘আমরা ক্ষতিগ্রস্ত বিভিন্ন বাঁধ পরিদর্শন করেছি কৃষকদের সঙ্গেও কথা বলেছি। বাঁধ নির্মাণে অনিয়মের বিষয়ে সত্যতা পেলে অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে।’

তদন্ত দলের অন্য সদস্যরা হলেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিনহা, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত মহাপরিচালক মাহবুবুর রহমান, সুনামগঞ্জ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আনোয়ার উল হালিম, পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী এনায়াত উল্লাহ ও পানিসম্পদ মন্ত্রণালয়ের উপসচিব মোবাশশেরুল ইসলাম।