একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের বড়লেখার তিনজনের রায় জানা যাবে যে কোনোদিন। গতকাল মঙ্গলবার মামলার সবশেষ ধাপের যুক্তিতর্কের শুনানি শেষে রায় যেকোনো দিন ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখে বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এ মামলার আসামি আবদুল আজিজ, আবদুল মতিন ও আবদুল মান্নান ওরফে মনাইসহ তিনজন। এর মধ্যে আজিজ ও মনাই গ্রেপ্তার হয়ে কারাগারে। মতিন মামলার শুরু থেকেই পলাতক। আজিজ ও মতিন সহোদর।
আজিজের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী আবদুস সাত্তার পালোয়ান। প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল ও সাবিনা ইয়াসমিন খান। মনাইয়ের পক্ষে ছিলেন আইনজীবী সারোয়ার হোসেন। পলাতক মতিনের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হিসেবে আব্দুস সাত্তার পালোয়ান শুনানি করেন।
শর্তসাপেক্ষে আসামির জামিন : এদিকে মানবতাবিরোধী অপরাধের মামলায় খুলনার ডুমুরিয়ার শেখ আব্দুর রহিমকে (৭৩) শর্তসাপেক্ষে জামিন দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। গতকাল আসামিপক্ষের আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে জামিনের এ আদেশ হয়।