সিদ্ধিরগঞ্জে বকেয়া বেতনের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি রপ্তানিমুখী পোশাক কারখানার শ্রমিকেরা বেতন ভাতার দাবিতে আদমজী ইপিজেডের প্রধান ফটকের রাস্তা অবরোধ করেছেন।

বুধবার সকাল ৮টা থেকে দুপুর পর্যন্ত আদমজী ইপিজেড এলাকায় বেকা গার্মেন্টসের প্রায় ছয় শতাধিক শ্রমিক এ অবরোধ করেন। আন্দোলনরত শ্রমিকরা আদমজী ইপিজেডের প্রধান ফটক দিয়ে কোনো যানবাহন চলাচল করতে দিচ্ছেন না।

শ্রমিকরা জানান, সিদ্ধিরগঞ্জ আদমজী ইপিজেড এলাকায় অবস্থিত বেকা গার্মেন্টসে অ্যান্ড টেক্সটাইলসে অন্তত ৮ থেকে ৯শত শ্রমিক কাজ করেন। তাদের কারও দুই মাস আবার কারও তিন মাসের বেতন পাওনা রয়েছে।

শ্রমিকরা জানান, গত (৭ এপ্রিল) বেকা গার্মেন্টসের শ্রমিকদের নোটিশের মাধ্যমে এপ্রিল মাসের ১৩ তারিখ বুধবার বকেয়া বেতন দেওয়ার আশ্বাস দেন গার্মেন্টস কর্তৃপক্ষ কিন্তু ১১ তারিখ রাতে সকল শ্রমিকদের মোবাইলে মেসেজ দেয় গার্মেন্টস কর্তৃপক্ষ, যাতে লেখা থাকে আমাদের ফান্ড পেতে বিলম্ব হওয়ায় বেতন পরিশোধ করা সম্ভব হয়নি। তাই আগামীকাল ১৩ তারিখ থেকে কারখানা বন্ধ থাকবে।

শ্রমিকদের দাবি, বেতন না পাওয়ায় তারা কষ্টে দিন কাটাচ্ছে। কষ্টের কথা মালিকপক্ষকে বারবার জানিয়েও কোনো লাভ হচ্ছে না। একদিকে রমজান মাস, আবার সামনে চলে আসছে ঈদ, দোকান বাকি বাড়ির ভারা বাকি, ছেলে মেয়ে নিয়ে অনেক কষ্টে দিন পার করছি, মালিক পক্ষ বেতন দিচ্ছেন না। তাই বাধ্য হয়ে আন্দোলন করতে হচ্ছে।

নারায়ণগঞ্জ শিল্প পুলিশের এসপি মো. আসাদুজ্জামান বলেন, বেকা গার্মেন্টসের শ্রমিকেরা বকেয়া বেতনের দাবিতে আন্দোলন করছে। আমরা গার্মেন্টস মালিক পক্ষের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করছি সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে। শ্রমিকেরা এখন শান্তিপূর্ণভাবে আছে, তবে আইন মোতাবেক যেটা করণীয় সেটা করা হবে।