রাজনৈতিক প্রতিহিংসা থেকে জোবায়দা রহমানের বিরুদ্ধে মামলা: এলডিপি

দুদকের দায়ের করা জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবায়দা রহমানের লিভ টু আপিলের আবেদন খারিজ করে দিয়ে বিচার প্রক্রিয়া শুরুর নির্দেশনা দিয়েছেন আপিল বিভাগ। এই সিদ্ধান্তের প্রতিবাদ ও নিন্দা জানিয়েছেন ২০ দলীয় জোটের শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপি’র সভাপতি আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন বলেছেন, ‘জোবায়দা রহমানের বিরুদ্ধে এই মামলা সম্পূর্ণরূপে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। রাজনৈতিক হাতিয়ার হিসেবেই দুদক এই মামলাটিকে চালু করেছে। এর পেছনে ক্ষমতাসীনদের চক্রান্ত রয়েছে।’

আবদুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন বলেন, ‘২০০৭ সালে এফডিআর করা ওই অর্থ যখন জমা হয়। তখন এই সম্পদের বিবরণ দিতে হবে, এমন কোনও বিষয় তখন রাষ্ট্রীয়ভাবেই গুরুত্বপূর্ণ হয়নি। এমনকি তখনকার সময়ে অনেক পেশাজীবীও বৈধ উপার্জনের মধ্য দিয়ে এফডিআর বা সঞ্চয়পত্র করলেও তা প্রদর্শনের বাধ্যবাধকতার বিষয়টি তাদের অজানা ছিল। যদিও জানার পর উক্ত আয়কে অনেকেই জরিমানা দিয়ে বৈধ করেছেন। এ বিষয়ে জনগণকে যথাযথভাবে অবহিত না করার কারণে এর দায় আয়কর বিভাগের ওপরই বর্তায়।’

বিবৃতিতে অভিযোগ করা হয়, ভবিষ্যতে জোবায়দা রহমান রাজনীতিতে সক্রিয় হবেন, এমন আশঙ্কা-ভীতি থেকেই সরকার নতুন করে মামলাটি সামনে এনেছে।’