গোপালগঞ্জ সদর উপজেলার ডুমদিয়া গ্রামে শাশুড়ি ও ৩ শিশুকে পুড়িয়ে হত্যা মামলায় জামাই আজাদ মোল্যাকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দিয়েছেন বিচারিক আদালত।
বুধবার দুপুরে গোপালগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্বাস উদ্দীন এ রায় প্রদান করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন- গোপালগঞ্জ সদর উপজেলার চরমানিকদাহ গ্রামের বেলায়েত মোল্যার ছেলে আজাদ মোল্যা (৪৫)।
মামলার বিবরণে জানা গেছে, দণ্ডপ্রাপ্ত আজাদ মোল্যার সঙ্গে স্ত্রী সরিফার বিয়ের পর থেকে পারিবারিক কলহ চলে আসছিল। এর জের ধরে ২০১৪ সালের ১৭ এপ্রিল গভীর রাতে বাড়িতে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যান আজাদ।
এ সময় ওই আগুনে পুড়ে শাশুড়ি ফুরিয়া বেগম, আজাদের স্ত্রীর বোনের ছেলে আমিনুর (১৪) ও তামিম (৭) ঘটনাস্থলে এবং গোপালগঞ্জ সদর হাসপাতালে স্ত্রীর বোনের মেয়ে তনিমা (৪) মারা যান।
এ ঘটনায় মৃত ফুরিয়া বেগমের ছেলে সাইফুল গাজী পরদিন বাদী হয়ে আজাদ মোল্যাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
পরে মামলার দীর্ঘ শুনানি শেষে আদালত আজাদ মোল্যাকে মৃত্যুদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা করেন।