হাওর বাঁচাও আন্দোলনের নেতাকে প্রাণনাশের হুমকি, মানববন্ধন

সুনামগঞ্জের হাওরের ফসল রক্ষা বাঁধের অনিয়ম নিয়ে কথা বলায় হাওর বাঁচাও আন্দোলনের নেতা ও বেসরকারি টেলিভিশন আরটিভির সুনামগঞ্জ প্রতিনিধি শহীদ নূর আহমেদকে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

বুধবার দুপুরে শহরের আলফাত স্কয়ারে হাওর বাঁচা আন্দোলন সংগঠনের আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি আলী হায়দারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি চিত্তরঞ্জন তালুকদার, সুখেন্দু সেন, সাধারণ সম্পাদক বিজন সেন রায়, যুগ্ম সম্পাদক সালেহিন চৌধুরী শুভ, সাংগঠনিক সম্পাদক একে কুদরত পাশা, দপ্তর সম্পাদক প্রভাষক দুলাল মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন প্রমুখ।

আরও বক্তব্য রাখেন- হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির প্রচার সম্পাদক তৈয়বুর রহমান, হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সহসভাপতি আলী নুর, চন্দন রায়, সদর উপজেলা কমিটির সভাপতি স্বপন কুমার দাস, হাওর বাঁচাও আন্দোলন শান্তিগঞ্জ উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আবু সইদ, যুগ্ম সম্পাদক জিয়াউর রহমান, বাঁধ বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম, সদর উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক আল আমিন, মহিম তালুকদার, দোয়ারা বাজার উপজেলার মিজানুর রহমান, শিমুলবাঁক ইউপির সভাপতি জাহাঙ্গীর আলম প্রমুখ।

উপস্থিত ছিলেন, হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটির প্রচার সম্পাদক আনোয়ারুল হক, হাওর বাঁচাও আন্দোলন জেলা কমিটির সাংগঠনিক সম্পাদক ভুক্তভোগী সাংবাদিক শহীদ নুর আহমেদ।

মানববন্ধনে বক্তারা বলেন, হাওরের বাঁধ নির্মাণকাজে অনিয়ম দুর্নীতির কারণে কৃষকেরা আজ তাদের ফসল হারিয়েছে, বাঁধের কাজে প্রভাবশালী ও সিন্ডিকেটের দুর্নীতির জন্য বাঁধ বিপর্যয় ঘটেছে আর এসব বিষয়ে কথা বলায় দুর্নীতিবাজরা প্রাণনাশের হুমকি দিচ্ছে।

বক্তারা হুমকি প্রদানকারী ছাত্রলীগ নেতা নাইম আহমেদ ও যুবলীগ নেতা মতিউরকে গ্রেপ্তারের দাবি জানান।

হুমকি প্রদানকারীদের সিন্ডিকেট চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনার দাবিও জানান কৃষক সংগঠনের নেতারা।

উল্লেখ্য, বেশ কিছুদিন সুনামগঞ্জের বিভিন্ন হাওরে বাঁধের কাজের অনিয়মের ফলে ফসলহানির ঘটনায় বাঁধের অনিয়ম দুর্নীতি নিয়ে সংবাদ প্রচার করায় যুবলীগ ও ছাত্রলীগ নেতারা গতকাল মঙ্গলবার হাওর বাঁচাও আন্দোলনের সাংগঠনিক সম্পাদক ও আরটিভির জেলা প্রতিনিধি শহিদ নুরকে প্রাণনাশের হুমকি দেন।

এ ঘটনায় নিরাপত্তা চেয়ে মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জ সদর মডেল থানায় জিডি করেছেন ভুক্তভোগী শহিদ নুর।