‘পহেলা বৈশাখের অনুষ্ঠানে গেলে খবর আছে’ হুমকি দিয়ে যুবক গ্রেপ্তার

বাংলাদেশের গুরুত্বপূর্ণ বাহিনী, স্থাপনা ও বাঙালির সংস্কৃতি পহেলা বৈশাখের অনুষ্ঠান নিয়ে মিথ্যা অপপ্রচার, উগ্র মতবাদ প্রচারে সক্রিয় একটি চক্রের এক সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

প্রযুক্তির সহায়তায় গোপন তথ্যের ভিত্তিতে রাজধানীর বেইলী রোড থেকে তাকে গ্রেপ্তার করেছে সিটিটিসি’র সাইবার ক্রাইম ইনভেষ্টিগেশন বিভাগের ই-ফ্রড টিম।

গতকাল মঙ্গলবার রাসেল সরদার রাজ (২১) নামে ওই যুবককে গ্রেপ্তার করা হয়। এ সময় তার নিকট হতে দুটো মোবাইল ফোন ও ৪টি সিমকার্ড জব্দ করা হয়।

বুধবার বাহিনীর পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ধর্মীয় উগ্রতা প্রচারে এই চক্রটি ‘জিহাদের তলোয়ার’ নামে একটি ফেসবুক আইডি ব্যবহার করে দীর্ঘদিন ধরে তৎপর রয়েছে। তারা ‘পহেলা বৈশাখ পালন করা বিদাত। কেউ পহেলা বৈশাখের অনুষ্ঠানে যাবেন না। গেলে কিন্তু খবর আছে। অনুষ্ঠানে বোমা হামলা হতে পারে। সবাই সাবধান থাকবেন।’ মর্মে প্রচারণা চালিয়েছে।

আরও বলা হয়েছে, দেশের উগ্রতা প্রচারে তারা ‘আপনি দুনিয়ার তাবেদারি আইন না মেনে আসুন আমাদের দেশে কালেমার পতাকা ওড়ানোর জন্য কাজ করি। আপনার বুদ্ধি ও কৌশল কাজে লাগিয়ে তাগুদ বাহিনীর ওপর আক্রমণ করুন। দেশের ২/৪টি গুরুত্বপূর্র্ণ স্থাপনায় হামলা করুন। দেখবেন আস্তে আস্তে তাদের মনোবল ভেঙ্গে পড়বে।’ বলেও প্রচারণা চালিয়ে আসছিল।

গ্রেপ্তার রাসেল প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, তিনি নিজের পরিচয় গোপন রেখে গাজওয়াতুল হিন্দ নামক একটি ধর্মীয় উগ্র মতবাদী সংগঠনে যোগ দিতে ইচ্ছা প্রকাশ করেন। অন্যদেরও যোগদানে আহবান করেন।’

অভিযুক্তের বিরুদ্ধে সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের ই-ফ্রড টিমের এসআই (নিরস্ত্র) মো. গোলাম রসুল বাদী হয়ে ডিএমপির রমনা মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন।

এই অভিযানে নেতৃত্ব দিয়েছেন ই-ফ্রড টিমের সহকারী পুলিশ কমিশনার সুরঞ্জনা সাহা।