মুক্তপ্রাণের বার্তা দিয়ে জবি চারুকলায় মঙ্গল শোভাযাত্রা

‘প্রাণের আলোয় কাটুক জরা, মুক্ত প্রাণ বসুন্ধরা’ প্রতিপাদ্য নিয়ে মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে বাংলা নতুন বছরকে স্বাগত জানিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগ।

বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে এই শোভাযাত্রা পুরান ঢাকার রায়সাহেব বাজার ঘুরে আবার বিশ্ববিদ্যালয়ে এসে শেষ হয়।

চারুকলা বিভাগের শিক্ষক-শিক্ষার্থিদের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের অন্যান্য বিভাগ এবং স্থানীয় লোকজনও যুক্ত হন মঙ্গল শোভাযাত্রায়। নানা রঙের সাজে দৃষ্টিনন্দন এই শোভাযাত্রায় ছিল অংশগ্রহণকারীদের বাধভাঙা উচ্ছ্বাস।

জবি চারুকলা বিভাগের চেয়ারম্যান রশীদ আমিন দেশ রূপান্তরকে বলেন, ২০১৪ সাল থেকে প্রতি বছর মঙ্গল শোভাযাত্রার আয়োজন করে আসছে জবি চারুকলা বিভাগ। বিগত দুই বছর করোনা মহামারির জন্য মঙ্গল শোভাযাত্রা করা সম্ভব হয়নি। এবার আমাদের শিক্ষক-শিক্ষার্থীসহ সবাই ভীষণ উপভোগ করেছেন। এবারের মঙ্গল শোভাযাত্রায় মূলত প্রকৃতির ফুল, পাখিদের ফুটিতে তুলতে চেয়েছি। যার মধ্য দিয়ে মুক্তপ্রাণের বার্তা দিতে চেয়েছি।