রাখালের কাজ নিয়ে মালিকের শিশুকন্যাকে অপহরণ, গ্রেপ্তার ১

চট্টগ্রামের চন্দনাইশে মুক্তিপণ আদায়ের জন্য বাড়ির উঠান থেকে তিন বছরের এক শিশুকে অপহরণের মামলায় আব্দুল হাকিম প্রকাশ মো. রফিক (৫০) নামে এক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার গভীর রাতে চকরিয়ার হারবাং এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার রফিক কক্সবাজারের চকরিয়ার হারবাং ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের হারবাং এলাকার নয়া পাড়া এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, গ্রেপ্তার রফিক চন্দনাইশের বৈলতলী ইউনিয়নের জাফরাবাদ সুইখ্যার বাড়ি এলাকার মো. আলম প্রকাশ মো. আলীর বাড়িতে রাখালের কাজ করতেন। সেখানে গত বছরের জুলাইয়ে ১০ থেকে ১৫ দিনের মতো কাজ করেন। একপর্যায়ে মালিকের তিন বছরের মেয়েকে বাড়ির উঠান থেকে কৌশলে অপহরণ করে নিয়ে যায়। তার একমাস পরে ওই শিশুকে উদ্ধার করা হয়েছিল। সে সময় এ ঘটনায় তার বাবা বাদী হয়ে চন্দনাইশ থানায় মামলা করে। ওই মামলার পরোয়ানা জারি হলে তিনি আত্মগোপন করেন। বুধবার রাতে চকরিয়ার হারবাং এলাকায় অভিযান চালিয়ে উপপরিদর্শক এসআই মাজহারুল হকের নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করে।

চন্দনাইশ থানার ওসি মো. আনোয়ার হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে ওই আসামিকে আদালতে পাঠানো হয়েছে।