কুমিল্লার বুড়িচংয়ে সীমান্ত এলাকায় সাংবাদিক মহিউদ্দিন সরকার নাঈম গুলিতে নিহতের ঘটনায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার সাংবাদিকদের জানান, গতকাল রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওই চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মধ্যে দুইজনের নাম জানা গেছে। এরা হলেন- মো. ফরহাদ মৃধা (৩৮) ও মো. পলাশ মিয়া (৩৪)।
মামলার এজাহারে ফরহাদ ও পলাশের নাম রয়েছে বলে পুলিশ জানায়।
এর আগে বুধবার রাত ১০টার দিকে বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদনগরে সাংবাদিক মহিউদ্দিনকে এলোপাতাড়ি গুলি করে হত্যা করা হয়।
এ ঘটনায় মহিউদ্দিনের মা নাজমা বেগম বাদী হয়ে তিনজনের নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও পাঁচ থেকে ছয়জনকে আসামি করে বুড়িচং থানায় মামলা করেন।
এতে প্রধান আসামি করা হয় ব্রাহ্মণপাড়া ও বুড়িচংয়ের ভারত সীমান্তের শীর্ষ মাদক ও চোরাকারবারি মো. রাজুকে।
পুলিশ জানায়, জেলার আদর্শ সদর উপজেলার বিষ্ণপুর গ্রামের সাদেক মিয়ার ছেলে রাজুর বিরুদ্ধে বেশ কয়েকটি অস্ত্র, মাদক, চোরাচালানের মামলা রয়েছে।
নিহত মহিউদ্দিন পাশের ব্রাহ্মণপাড়া উপজেলার মালাপাড়া ইউনিয়নের অলুয়া গ্রামের অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য মোশারফ হোসেন সরকারের ছেলে ছিলেন।
তিনি আগে আনন্দ টেলিভিশনের ব্রাহ্মণপাড়া উপজেলা প্রতিনিধি ছিলেন। এছাড়া দৈনিক কুমিল্লার ডাক নামে স্থানীয় একটি সংবাদপত্রে স্টাফ রিপোর্টার পদেও কাজ করেছেন তিনি।