নেত্রকোনায় পৃথক দুই স্থানে পুকুরে ডুবির ঘটনায় দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা হলো- কলমাকান্দা উপজেলার এক মাস বয়সী জামিলা আক্তার ও দুর্গাপুর উপজেলার ১৬ মাস বয়সী তায়িবা।
শুক্রবার এই দুই শিশুর মৃত্যু হয়। জামিলা কলমাকান্দা উপজেলার রংছাতি ইউনিয়নের চৈতা গ্রামের জাহাঙ্গীর আলম ও মদিনা দম্পতির মেয়ে। অন্যদিকে, তায়িবা দুর্গাপুর উপজেলার সদর ইউনিয়নের শ্যামনগর গ্রামের শামছুল হকের মেয়ে।
কলমাকান্দা থানার ওসি মো. আবদুল আহাদ খান জানান, বিকেলে জামিলাকে তার ফুফু মরিয়ম বাড়ির পাশে পুকুর পাড়ে আম গাছে নিচে বসিয়ে রেখেছিল। এ সময় জামিলা অন্যান্য বাচ্চাদের সাথে খেলতে গেলে সকলের অজান্তে পুকুরে পড়ে যায়। কিছুক্ষণ পরে জামিলাকে দেখতে না পেয়ে তার ফুফুর চিৎকারে দাদি জায়েদাসহ বাড়ির লোকজন ছুটে আসেন। পরে পুকুর থেকে স্থানীয়দের সহায়তায় জামিলাকে উদ্ধার করে পরিবারের লোকজন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক শামীম আরা শিশুটিকে ঘোষণা করেন।
দুর্গাপুর থানার পরিদর্শক (তদন্ত) মীর মাহবুবুর রহমান জানান, দুপুরের দিকে শিশু তায়িবার মা ঘরের কাজে ব্যস্ত ছিল। এ সময় তায়িবা উঠানে খেলছিল। হঠাৎ সন্তানকে দেখতে না পেয়ে শিশুটির মা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশে পুকুরে ভাসতে দেখেন তায়িবাকে। পরে দুর্গাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তায়িবাকে মৃত ঘোষণা করেন।