সরে দাঁড়ালেন রুট

উইন্ডিজে তিন টেস্টের সিরিজ ১-০তে হারলেও জো রুট বলেছিলেন নেতৃত্ব ছাড়বেন না। তবে দেশে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটানোর পর বদলে গেল তার মত। ভেবেচিন্তে নাকি নেতৃত্ব ছেড়ে দেওয়ার সিদ্ধান্তে পৌঁছেছেন। রুটের এই সিদ্ধান্তের পেছনে যে ব্যর্থতা দায়ী তা আর বলে দিতে হয় না। উইন্ডিজ সিরিজ পর্যন্ত ইংল্যান্ড তার নেতৃত্বে টানা ১৭ টেস্ট জিততে পারেনি। তাই ইংল্যান্ডের সবচেয়ে সফল অধিনায়ককে থামতেই হলো।

রুটের চেয়ার অবশ্য অ্যাশেজের পরপরই নড়বড়ে হয়ে যায়। ইংল্যান্ড ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিরিজ এই অ্যাশেজ। অস্ট্রেলিয়ার মাটিতে ৫-০তে ওই হার ইংলিশ ক্রিকেটের জন্য ছিল বড় লজ্জার। এরপর উইন্ডিজে ভালো পারফরম করে প্রথম দুই টেস্টে ড্র করে ইংলিশরা। তৃতীয় টেস্টে হারায় আসল ক্ষতি হয় রুটের। নিজেদের চেয়ে কম শক্তির ও সুবিধার উইন্ডিজের কাছে সিরিজ হার মানা কষ্টের ছিল ইংল্যান্ডের জন্য। স্বাভাবিকভাবে এই সিরিজের পরই রুটকে পদত্যাগের প্রশ্ন শুনতে হয়। রুটের আগে ইংল্যান্ডের নেতৃত্বে থাকা স্যার অ্যালিস্টার কুক অনুজকে পরামর্শ দেন সরে দাঁড়ানোর। সব কিছু মাথায় নিয়েই গতকাল নেতৃত্ব ছাড়ার ঘোষণা দেন রুট, ‘উইন্ডিজ সফর থেকে ফিরে কিছুদিন চিন্তা করার সুযোগ পেয়েছি।

ইংল্যান্ড টেস্ট অধিনায়ক হিসেবে আমি সরে দাঁড়াচ্ছি। এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত। তবে স্ত্রী ও যারা আমার কাছের সবার সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নিয়েছি আমি। আমার বিশ্বাস, নেতৃত্ব ছাড়ার জন্য এ সময়টাই সঠিক।’ কুক নেতৃত্ব ছাড়ার পর গত পাঁচ বছরে সাফল্যের রেকর্ড গড়েছেন রুট। ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি ৬৪ টেস্ট নেতৃত্ব দিয়ে সবচেয়ে বেশি ২৭ টেস্ট জয়ী অধিনায়ক হয়েছেন। ছাড়িয়ে গেছেন উত্তরসূরি কুক, মাইকেল ভন, স্যার অ্যান্ড্রু স্ট্রাউসদের।