পুরান ঢাকায় প্লাস্টিক কারখানায় আগুন

রাজধানীর লালবাগের শহীদনগর বউবাজার এলাকার একটি প্লাস্টিক কারখানায় অগ্নিকান্ড হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিটের চেষ্টায় ১টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিসের উপপরিচালক শাহজাহান শিকদার দেশ রূপান্তরকে জানান, একটি টিনশেডের ঘরে প্লাস্টিকের কারখানা গড়ে উঠেছিল।  সেই কারখানা থেকেই আগুন লাগে। আগুন ধরার সঙ্গে সঙ্গে কারখানার ভেতরে থাকা শ্রমিকরা তাৎক্ষণিকভাবে বাইরে বের হয়ে যান। টিনশেডের তৈরি কারখানার পাশে আবাসিক কিছু ভবন রয়েছে। সেখানে আগুন ছড়ায়নি। তবে প্লাস্টিকের কারখানায় আগুন লাগায় নিয়ন্ত্রণ করতে বেশ বেগ পেতে হয়েছে। কারখানার ভেতরে সব প্লাস্টিক দাহ্য হওয়ায় সবকিছু পুড়ে গেছে।

তবে কারখানায় কী কারণে আগুন লেগেছে, কারখানার অনুমোদন আছে কি না, সেসব বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।

আশুলিয়ায় পোশাক কারখানায় আগুন : সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় ভয়াবহ অগ্নিকান্ড হয়েছে। গতকাল শুক্রবার বেলা আড়াইটার দিকে আশুলিয়ার কাঠগড়া আমতলা এলাকার ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড নামের একটি তৈরি পোশাক কারখানার ফেব্রিকস গোডাউনে আগুন লাগে। খবর পেয়ে ডিইপিজেড ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস ও কারখানা সূত্রে জানা গেছে, গতকাল বেলা আড়াইটার দিকে আশুলিয়ার বিশমাইল-জিরাবো সড়কের আমতলা এলাকায় অবস্থিত ম্যাগপাই কম্পোজিট টেক্সটাইল লিমিটেড নামের তৈরি পোশাক কারখানার ৭তলায় আগুনের সূত্রপাত হয়। এ সময় প্রাথমিকভাবে নিজেরা আগুন নেভানোর চেষ্টার পাশাপাশি বিষয়টি ডিইপিজেড ফায়ার সার্ভিসকে জানায় কারখানা কর্তৃপক্ষ।