নোয়াখালীর কবিরহাটের পূর্ব নরসিংহপুরে পারিবারিক কলহের জের ধরে ৬ বছরের কন্যাশিশুকে বিষপান করিয়ে মা আত্মহত্যা করেছেন বলে পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা শিশুকন্যা জান্নাতুল মাওয়াকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মা সাজেদা আক্তারের (২৭) মৃত্যু হয়।
সাজেদা আক্তার নরসিংহপুর গ্রামের সিরাজ ইঞ্জিনিয়ার বাড়ির গোলাম কুদ্দুসের স্ত্রী। তাদের সংসারে নুর হোসেন জিহাদ নামে ১০ বছরের এক সন্তান রয়েছে।
সাজেদা আক্তারের দেবর গোলাম সারোয়ার বলেন, বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে পরিবারের লোকজনের অজান্তে মেয়েকে কিটনাশক খাওয়ায় এবং পরে নিজেও খায়। পরিবারের লোকজন বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে হাসপাতালে নেয়।
স্থানীয়রা জানান, প্রায় ১২ বছর আগে কুদ্দুসের সঙ্গে পারিবারিকভাবে বিয়ে হয় কোম্পানীগঞ্জের সাজেদা আক্তারের। কুদ্দুস ১০ দিন আগে ওমান থেকে দেশে আসেন। বুধবার রাতে পারিবারিক বিষয় নিয়ে জিহাদকে মারধর করে তার বাবা কুদ্দুস। এ নিয়ে সাজেদার সঙ্গে কুদ্দুসের একাধিকবার ঝগড়া হয়।
কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম জানান, ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ঘটনাস্থল থেকে কীটনাশকের বোতল উদ্ধার করা হয়েছে বলেও জানান তিনি।