চট্টগ্রামে ছুরিকাঘাতে স্কুলছাত্র নিহত, বন্ধু আহত

চট্টগ্রামে ছুরিকাঘাতে মোহাম্মদ ফাহিম (১৫) নামের এক স্কুলছাত্র নিহত হয়েছে। আহত হয়েছেন ইমন (১৪) নামে তার এক বন্ধু।

শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে নগরের পাহাড়তলী থানার ঈদগা কাঁচা রাস্তামাথা এলাকায় একটি চা দোকানের সামনে এ ঘটনা ঘটে।

 নিহত ফাহিম নগরের মনসুরাবাদ গণপূর্ত বিদ্যানিকেতনের নবম শ্রেণির শিক্ষার্থী।

পাহাড়তলী থানার ওসি মুস্তাফিজুর রহমান জানান, পাহাড়তলী থানার পার্শ্ববর্তী নগরের হালিশহর এলাকায় একটি মেলায় বন্ধুবান্ধবের সঙ্গে যান ফাহিম। মেলা থেকে ফেরার পথে ফাহিমের সঙ্গে বন্ধুদের তর্কাতর্কি হয়। এ ঘটনার জেরে ফাহিম ও তার বন্ধু ইমনকে ছুরিকাঘাত করা হয়।

গুরুতর আহত অবস্থায় ফাহিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। চিকিৎসাধীন রয়েছে ইমন।

ওসি আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মেলা থেকে ফেরার পথে বন্ধুবান্ধবের সঙ্গে তর্কাতর্কির জেরে এ ঘটনা ঘটে। জিজ্ঞাসাবাদের জন্য কয়েকজনকে থানায় নেওয়া হয়েছে। কাউকে গ্রেপ্তার করা যায়নি। থানায় মামলার প্রস্তুতি চলছে।