বঙ্গোপসাগরের সাঙ্গু গ্যাসক্ষেত্র এলাকায় ১১ নাবিকসহ কয়লাবোঝাই সজল তন্ময়-২ নামে একটি লাইটার জাহাজডুবির ঘটনা ঘটেছে।
শনিবার সকালে ভাসানচর থেকে পূর্বে গাঙ্গিয়ার চরের দক্ষিণে ১২-১৩ নটিক্যাল মাইল দূরে এ জাহাজডুবির ঘটনা ঘটে। খবর পেয়ে ভাসানচর থেকে কোস্টগার্ডের একটি দল ঘটনাস্থলে রওনা হয়েছে।
বেলা তিনটা পর্যন্ত ডুবে যাওয়া জাহাজটিকে শনাক্ত বা ১১ নাবিকের কোনো খোঁজ পাওয়া যায়নি। বিআইডব্লিউটিএর পরিচালক মোহাম্মদ সেলিম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ভাসানচরে কোস্টগার্ডের সিনিয়র ওয়ারেন্ট অফিসার আবদুল মুবিন গণমাধ্যমকে বলেন, সকাল সাড়ে নয়টার দিকে তারা লাইটার জাহাজডুবির খবর পান। জাহাজটিতে ১১ জন নাবিক ছিলেন এবং কয়লা বোঝাই করা ছিল।
তিনি বলেন, খবর পেয়ে তাৎক্ষণিকভাবে কোস্টগার্ডের একটি দল ভাসানচর থেকে ঘটনাস্থলে রওনা হয়েছে। দলটি এরই মধ্যে সেখানে পৌঁছেছে। এ ছাড়া নৌবাহিনীর আরেকটি জাহাজও সেখানে গেছে।
কোস্টগার্ডের এই কর্মকর্তা বলেন, সাগর উত্তাল থাকায় ডুবে যাওয়া জাহাজ ও নিখোঁজ নাবিকদের কাউকে এখন পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি। জাহাজডুবির কারণ সম্পর্কেও এখন পর্যন্ত নিশ্চিত হতে পারেননি তারা।
সজল তনয়-২’ লাইটারটি রেজা শিপিং লাইন্সের হলেও সেটি ডব্লিউটিসি’র অধীনে চলাচল করত।