ফ্রিজে জীবন্ত প্রাণী রেখে দিতেন তিনি, উদ্ধার ১৮৩

প্রাণীদের ওপর নৃশংসতার অভিযোগে মাইকেল প্যাট্রিক টারল্যান্ড নামের এক ব্যক্তিতে গ্রেপ্তার করেছে অ্যারিজোনার পুলিশ। তার ফ্রিজে কুকুর, বিড়াল ও পাখিসহ মোট ১৮৩টি প্রাণী পাওয়া গেছে।

৪৩ বছর বয়সী টারল্যান্ড আরিজোয়ানার বাসিন্দা। তিনি জীবন্ত অবস্থায় কিছু প্রাণীকে ফ্রিজিং করেছেন। তার বিরুদ্ধে প্রাণীদের প্রতি নিষ্ঠুরতার অভিযোগ আনা হয়েছে। এমনটাই জানিয়েছেন মোহ্যাব কাউন্টি শেরিফ।

আনিতা মোর্তেনসেন নামে পুলিশের এক মুখপাত্র জানান, ঘটনাস্থলে যে দৃশ্য দেখেছি, তা একেবারে জঘন্য এবং হৃদয়-বিদারক। তিনি বলেন, ‘একজন প্রাণীপ্রেমী হিসেবে তাদের (মৃত প্রাণী) দিকে তাকিয়ে কাঁদছিলাম।’

কর্তৃপক্ষ এখন টারল্যান্ডের স্ত্রী ব্রুকলিন বেককে খুঁজছে। সাধারণ এক ব্যক্তির কাছ থেকে অভিযোগ পেয়ে টারল্যান্ডকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযোগকারী ওই নারী পুলিশকে জানান, বংশবৃদ্ধির জন্য নিজের পালিত সাপগুলোকে টারল্যান্ডের কাছে রেখে এসেছিলেন। কিন্তু তাদের আর ফেরত আনতে পারেননি।  

তিনি আরও জানান, তার সম্পত্তির মালিকের সূত্রে তিনি গোল্ডেন ভ্যালিতে আসা টারল্যান্ড ও তার স্ত্রীর সঙ্গে যোগাযোগ করেছিলেন। একদিন তার বাড়ির মালিক যখন অ্যাপার্টমেন্ট পরিষ্কার করতে আসেন তখন তিনি গ্যারেজে মৃত প্রাণী ভর্তি এক ফ্রিজ খুঁজে পান। যার মধ্যে তার সাপগুলোও ছিল।

এই অভিযোগের ১০ দিন পর, ‍পুলিশ টারল্যান্ডের বাড়িতে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ টারল্যান্ডের কাছে হিমায়িত অবস্থায় কুকুর, কচ্ছপ, টিকটিকি, সাপ, ইঁদুর, বড় জাতের ইঁদুর ও খরগোশ উদ্ধার করেছে। তিনি কী জন্য প্রাণীগুলোকে ফ্রিজারে রাখতেন তার উদ্দেশ্য এখনো পরিস্কার নয়।