সিলেটের বিশ্বনাথ উপজেলায় তুচ্ছ ঘটনায় চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে তরুণ আবদুল বাছিত (২৩) খুন হয়েছেন। তিনি বিশ্বনাথ কলেজ ছাত্রলীগের একজন সক্রিয় কর্মী।
শুক্রবার রাত সাড় ১২টার দিকে উপজেলার অলংকারী ইউনিয়নের টেংরা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বাছিত ওই গ্রামের মৃত আফতাব মিয়ার ছেলে।
বিশ্বনাথ থানার ওসি গাজী আতাউর রহমান জানান, টেংরা গ্রামের কাঁচা সড়ক দিয়ে স্থানীয়ভাবে গাড়ি চলাচল বন্ধ রেখেছেন এলাকার লোকজন। সড়ক যাতে না ভাঙে এ জন্য এ সিদ্ধান্ত। কিন্তু শুক্রবার রাতে বাছিতের চাচাতো ভাই সুমন ওই সড়ক দিয়ে ট্রলি গাড়ি চালিয়ে বাড়িতে কাঠ নিয়ে আসেন। এ নিয়ে কথা কাটাকাটি শুরু হয়, তখন সুমন হঠাৎ বাছিতের বুকে ছুরিকাঘাত করে। গুরুতর আহত বাছিতকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওসি আরো জানান, হত্যায় জড়িতদের গ্রেপ্তার করতে অভিযান চলছে। মামলা দায়ের প্রক্রিয়াধীন।