বগুড়ায় দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির কারখানা, বাবা-ছেলে গ্রেপ্তার

বগুড়ার কাহালুতে একনলা বন্দুক তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ সময় আগ্নেয়াস্ত্র তৈরির বিপুল পরিমাণ যন্ত্রাংশসহ বাবা-ছেলেকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাতে কাহালু উপজেলার মালঞ্চা ইউনিয়নের কলমাশিবা গ্রাম থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- কলমাশিবা গ্রামের নিলু চন্দ্র প্রামাণিক (৪৫) ও তার ছেলে সঞ্জিত চন্দ্র প্রামাণিক (২২)।

শনিবার দুপুর ১২টায় পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী তার কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান।

পুলিশ সুপার জানান, গত ১৪ এপ্রিল মধ্যরাতে কলমাশিবা গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে একরাম হোসেন সরদার ওরফে বগা (৩২) নামে এক যুবকের দুই পায়ে গুলি করে দুর্বৃত্তরা। এ ঘটনার তদন্তকালে সন্দেহভাজন হিসেবে নিলু ও তার ছেলে সঞ্জিতকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যমতে, নিলুর বাড়ি থেকে পলিথিন দ্বারা মোড়ানো অবস্থায় বিপুল পরিমাণ দেশীয় আগ্নেয়াস্ত্র (একনলা বন্দুক) তৈরির যন্ত্রাংশ উদ্ধার করা হয়।

উদ্ধার করা যন্ত্রাংশের মধ্যে একনলা বন্দুক তৈরির ৫টি ব্যারেল, লোহার তৈরি তিনটি রিকয়েলিং স্প্রিং, ৬টি ফায়ারিং পিন, স্টিলের তৈরির ৬টি বন্দুকের ট্রিগার, একনলা বন্দুক তৈরির স্টিলের খাপ ৫টি, বন্দুক তৈরির কাজে ব্যবহৃত বিভিন্ন সাইজের ১৯টি লোহার পাত, লোহার তৈরি জং ধরা ১টি ব্যারেলের শেষ অংশ, ৩টি লোহার রড, ড্রিল মেশিনের মাথায় ব্যবহৃত ৪টি লোহার ফলা, লোহার তৈরি হ্যামার ৬টি এবং চারটি স্টিলের পাত উল্লেখযোগ্য।

পুলিশ সুপার জানান, দেশীয় আগ্নেয়াস্ত্র অর্থাৎ একনলা বন্দুক তৈরির বিভিন্ন যন্ত্রাংশ উদ্ধারের ঘটনায় কাহালু থানায় একটি মামলা হয়েছে। অধিকতর তদন্তের স্বার্থে গ্রেপ্তার ব্যক্তিদের রিমান্ডে নিতে আদালতে আবেদন জানানো হবে।

এ ছাড়া একরামের দুই পায়ে গুলিবিদ্ধের ঘটনায় কলমাশিবা এলাকার আকরাম হোসেনের ছেলে শামিম হোসেন (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।