ছাত্রদলের পদপ্রত্যাশীদের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার দাবি

ছাত্রদল কেন্দ্রীয় সংসদের পূর্ণাঙ্গ কমিটি করার দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত  চেয়ারম্যান তারেক রহমানের কাছে স্মারকলিপি দিয়েছেন সংগঠনের পদপ্রত্যাশী শতাধিক নেতা। গতকাল শনিবার দুপুরে পদপ্রত্যাশী সংগঠনের সাত সদস্যের প্রতিনিধি নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব (দপ্তরের দায়িত্বপ্রাপ্ত) রুহুল কবির রিজভীর মাধ্যমে স্মারকলিপিটি দেন।

স্মারকলিপিতে তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করে বলা হয়, ‘আমরা ওয়ান-ইলেভেনের দুঃসময় থেকে শুরু করে দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে ছাত্রদলের রাজনীতির সাথে সম্পৃক্ত আছি। বাংলাদেশি জাতীয়তাবাদের রাজনীতিকেই আমরা আমাদের জীবনের ব্রত হিসেবে নিয়েছি। বারংবার জেল-জুলুম ও নিপীড়নের শিকার হয়েও রাজপথ ছাড়িনি। এরপর ২০১৩ সালের নভেম্বর-ডিসেম্বরের আন্দোলন, ২০১৫ সালের আন্দোলনসহ দলীয় সকল ঝুঁকিপূর্ণ কর্মসূচিতে আমরা সক্রিয়  থেকেছি। কিন্তু দীর্ঘ সময়েও ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ হয়নি।’

এতে আরও বলা হয়, ‘আমরা এ নিয়ে শীর্ষ নেতৃবৃন্দের সাথে বারবার সাক্ষাৎ করে দুঃসময়ের পরীক্ষায় উত্তীর্ণ নেতাকর্মীদের প্রাপ্য মূল্যায়ন নিশ্চিতের দাবি জানিয়েছি। ২০২১ সালের জানুয়ারিতে কেন্দ্রীয় কার্যালয়ের নিচে প্রতীকী অনশনের মাধ্যমে মনোযোগ আকর্ষণের চেষ্টা করেছি। ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি কোনো দাবি নয়, নেতাকর্মীদের প্রাপ্য অধিকার। ছাত্রদলের ইতিহাসে এবারই প্রথম দীর্ঘ আড়াই বছরেও কেন্দ্রীয় কমিটি পূর্ণাঙ্গ হয়নি।’