উত্তরাঞ্চলসহ দেশের কোথাও এখন মঙ্গা নেই বলে দাবি করেছেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি বলেন, ‘কৃষকরা এখন ফসলের ভালো দাম পান। তারা ধানের দাম পাওয়া শুরু করেছেন বলেই কৃষি গবেষণা ইনস্টিটিউট বিভিন্ন জাতের উচ্চ ফলনশীল ধান উদ্ভাবনে আগ্রহী হয়েছে এবং উৎপাদনে সফল হয়েছে। অতীতে দেশের বিভিন্ন স্থানে মঙ্গা থাকলেও এখন দেশে মঙ্গা নেই।’
গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উচ্চতর বিজ্ঞান গবেষণা কেন্দ্রে আয়োজিত ‘স্বাধীনতার সুবর্ণজয়ন্তী : খাদ্য ও ভোক্তা স্বার্থ সুরক্ষায় প্রত্যাশা ও অর্জন’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
খাদ্যমন্ত্রী বলেন, ‘দেশে অন্তত ২৪ হাজার রাইস মিল রয়েছে। এই ২৪ হাজার রাইস মিলের মালিকদের একসঙ্গে হয়ে সিন্ডিকেট করা সম্ভব নয়। তবে এদের মধ্যে যাদের ব্যাপক পুঁজি রয়েছে, তারা বিভিন্ন সময়ে মজুদ করে। এই মজুদদারি ব্যবস্থাকে ভাঙতে হবে।’
তিনি আরও বলেন, ‘যারা খাদ্যে ভেজাল দেয় তারাও তো কোনো না কোনো পর্যায়ে ভোক্তা!’ এ সময় তিনি চাঁদাবাজি, মজুদদারি ও খাদ্য ভেজাল থেকে দূরে থেকে নিরাপদ খাদ্যের নিশ্চয়তার জন্য সবাইকে মানবিক হওয়ার আহ্বান জানান।