অবশেষে সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ঐতিহাসিক আব্দুল জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলার আয়োজন হতে যাচ্ছে। চট্টগ্রাম নগরীর লালদিঘী মাঠ বন্ধ থাকায় এই জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা বন্ধের ঘোষণায় তীব্র প্রতিক্রিয়ার মুখে ঐতিহাসিক এই আয়োজন করতে যাচ্ছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র রেজাউল করিম চৌধুরী। আগামী ২৫ এপ্রিল এই বলীখেলা হবে।
গতকাল শনিবার সকালে নগরীর বহদ্দারহাটের নিজ বাসভবনে জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও বৈশাখী মেলা কমিটির প্রতিনিধিদের সঙ্গে নিয়ে মেয়র রেজাউল করিম চৌধুরী সংবাদ সম্মেলনের মাধ্যমে এ ঘোষণা দেন।
মেয়র বলেন, ‘ব্রিটিশবিরোধী আন্দোলনকে জোরদার করার জন্য আব্দুল জব্বার সাহেব এই বলীখেলার প্রচলন করেছিলেন। ১১০ বছরের ঐতিহ্যবাহী এই আয়োজন কেন বন্ধ হবে? আয়োজকদের সঙ্গে কথা বলে চূড়ান্ত সিদ্ধান্ত নিলামÑ মেলাও হবে, বলীখেলাও হবে। আগের মতো সব আয়োজন থাকবে, সুতরাং মাঠটা ছাড়া। যেহেতু লালদিঘী মাঠের কাজ শেষ হয়নি, এবার মাঠে করতে পারছি না। ইনশাল্লাহ ভবিষ্যতে লালদিঘীর মাঠেই বলীখেলা হবে।
করোনার কারণে গত দুই বছর বলীখেলা ও মেলা হতে পারেনি। এবার মেলার ১১৩তম আসর হওয়ার কথা রয়েছে।