সার্বিয়ায় মারা যাওয়া বাংলাদেশির মরদেহ ঢাকা পৌঁছেছে

সার্বিয়ায় গত মাসে মারা যাওয়া বাংলাদেশি অভিবাসী শ্রমিক বাদল খন্দকারের (৪৮) মরদেহ দেশে এসে পৌঁছেছে।

মরদেহ বহনকারী কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট শনিবার রাতে ৯টা ১৫ মিনিটে রাজধানী ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরের প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মকর্তা এই তথ্য নিশ্চিত করে জানান, প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

স্বজনরা জানান, মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার মধুরচর গ্রামের নূর মোহাম্মদের ছেলে বাদল। তিনি গত বছরের নভেম্বরে ভালো বেতনের চাকরির আশায় সার্বিয়া গিয়েছিলেন।

বাংলাদেশের নিয়োগকারীরা বাদলকে জানান, ইউরোপের দেশটিতে চাকরি করে তিনি মাসে ৬০ থেকে ৭০ হাজার টাকা আয় করতে পারবেন।

তবে, পরে তিনি জানতে পারেন সেই প্রতিষ্ঠানটির কোনো অস্তিত্ব নেই।

গত ৭ মার্চ ভোরে একটি লরিতে করে ইতালি যাওয়ার পথে বাদল হঠাৎ অজ্ঞান হয়ে পড়েন এবং পরে সার্বিয়ায় গিয়ে মারা যান। সার্বিয়ার রাস্তায় বাদলের মরদেহ পড়ে ছিল।