মারিউপোলে জীবন রক্ষার সুযোগ হিসেবে ইউক্রেনের সৈন্যদের আজ রবিবারের মধ্যে আত্মসমর্পণের আহ্বান জানিয়েছে রাশিয়া। দেশটি বলেছে, এ সময়ের মধ্যে অস্ত্র সমর্পণ করলেই কেবল তাদের জীবনের নিরাপত্তার নিশ্চয়তা দেয়া হবে। খবর বিবিসির।
তারা বলছে, ইউক্রেনের যেসব সৈন্য ও বিদেশি ভাড়াটে যোদ্ধারা মারিউপোলে এখনো লড়াই করছে, তারা স্থানীয় সময় সকাল ছয়টা থেকে বেলা একটার মধ্যে তাদের অস্ত্র সমর্পণ করলে তাদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
তবে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন, মারিউপোলে ইউক্রেনের যোদ্ধাদের নিশ্চিহ্ন করার অর্থ হলো আলোচনার সমাপ্তি টেনে দেওয়া।
এদিকে রাশিয়া সোমবার থেকে মারিউপোলে আরও কড়াকড়ি আরোপ করতে যাচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
রাশিয়ার দাবি ইউক্রেনের সৈন্যদের শহরটির একটি ছোট এলাকায় ঘিরে রাখা হয়েছে।
রাশিয়া ইউক্রেনে বিমান হামলা আরও জোরদার করেছে।
ছয় সপ্তাহ ধরে সেখানে রাশিয়ার হামলা চলছে। এতে হাজার হাজার বেসামরিক নাগরিক মারা গেছে।
যারা বেঁচে গেছেন তারাও কনকনে ঠাণ্ডায় ভয়াবহ পরিস্থিতির মধ্যদিয়ে যাচ্ছে।
বোমায় শহরটি তছনছ করে দিয়েছে রুশরা। চরম সংকট দেখা দিয়েছে বিদ্যুৎ, পানি, গ্যাস, পানি ওষুধের।
এদিকে রাশিয়া যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী বরিস জনসনসহ কয়েকজন মন্ত্রীর রাশিয়ায় প্রবেশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে।
এর আগে দেশটি একই ধরনের নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ওপরও।