নববর্ষে ‘সাধারণ ক্ষমায়’ ১৬০০ বন্দীকে মুক্তি দিচ্ছে জান্তা সরকার

বৌদ্ধ নববর্ষ উপলক্ষে মিয়ানমারের জান্তা সরকার দেশটির বিভিন্ন কারাগার থেকে এক হাজার ৬০০ বন্দীকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে।

সাধারণ ক্ষমার আওতায় রবিবার এসব বন্দীকে মুক্তি দেওয়া হচ্ছে। তবে এসব বন্দী জান্তা বিরাধী বিক্ষোভকারী নাকি সাধারণ আসামি তা নিয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি। খবর টাইমস অব ইন্ডিয়ার।

দক্ষিণ পূর্ব এশিয়ার এ দেশটিতে গত বছর অং সান সুচির সরকারকে ক্ষমতাচ্যুত করে সেনাবাহিনী ক্ষমতা দখলের পর থেকেই সহিংসতা চলছে। বন্দী হয়েছেন বহু লোক।

রাষ্ট্রীয় টেলিভিশনে ঘোষণা দেওয়া হয়, প্রায় এক হাজার ৬১৯ বন্দীকে ক্ষমা করা হয়েছে। এদের মধ্যে ৪২ জন বিদেশিও রয়েছে। এদের নববর্ষে মুক্তি দেওয়া হবে।

মুক্তি পাওয়া এই বন্দীদের মধ্যে জান্তাবিরোধী বিক্ষোভকারী বা বিক্ষোভের নিউজ সংগ্রহকালে গ্রেপ্তার সাংবাদিক  থাকছে কিনা তা ষ্পষ্ট নয়।

এএফপির এক সংবাদদাতা জানিয়েছেন, এই ঘোষণা শোনার পর রবিবার সকালে নিজেদের প্রিয়জনের মুক্তির আশায় শতাধিক লোক ইয়াংগুন ইনসেইন জেলের বাইরে জড়ো হয়েছেন।