লক্ষ্মীপুরে সাবেক স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ

লক্ষ্মীপুরে শহর বানু (৪৫) নামে এক নারীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে সাবেক স্বামী খোকন আলী শেখের বিরুদ্ধে।

রবিবার সকাল সাড়ে ৯টার দিকে লক্ষ্মীপুর পৌরশহরের স্টেডিয়াম এলাকায় এ ঘটনা ঘটে।

বেলা সাড়ে ১১টার দিকে পুলিশ নিহতের মৃতদেহ উদ্ধার করে। পরে অভিযুক্ত খোকন আলী শেখকে গ্রেপ্তার করা হয়।

নিহত শহর বানু পঞ্চগড়ের গোবীন্দগঞ্জের বাসিন্দা ও গ্রেপ্তারকৃত খোকন আলী বগুড়ার সারিয়াকান্দির বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পারিবারিক বিরোধ ও পরকীয়ার জের ধরে এ ঘটনা ঘটেছে বলে পুলিশের ধারণা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বগুড়ার সারিয়াকান্দি থেকে গত ২০ দিন আগে ফকির আলী ও শহর বানু পালিয়ে লক্ষ্মীপুরে আসেন। সম্পর্কে তারা দুইজন দেবর-ভাবী। ফকির আলীর সংসারে রয়েছে দুই সন্তান ও শহর বানুর সংসারে রয়েছে তিন সন্তান। পরে স্বামী খোকন আলী শেখকে ডির্ভোস দিয়ে দেবর ফকির আলীকে বিয়ে করেন শহর বানু।

এরপর থেকে লক্ষ্মীপুর শহরের স্টেডিয়াম এলাকায় একটি বাসা ভাড়া নিয়ে স্বামী-স্ত্রী হিসেবে বসবাস শুরু করেন তারা। বিষয়টি জানতে পেরে খোকন আলী শেখ রবিবার সকালে লক্ষ্মীপুরে ছোট ভাইয়ের ওই ভাড়া বাসায় আসেন। পরে স্ত্রী শহর বানুকে নানাভাবে বুঝিয়ে বাড়ীতে ফিরে নিতে না পেরে ক্ষিপ্ত হয়ে ধারালো দা দিয়ে গলা কেটে হত্যা করেন। পালিয়ে যাওয়ার সময় খোকন আলীকে স্থানীয়রা তাকে আটক করে গণধোলাই দেয়।

হত্যাকান্ডের সময় ছোট ভাই বাসায় ছিলেন না বলে জানিয়েছে স্থানীয়রা। গত কয়েকদিন ধরে ফকির আলী লক্ষ্মীপুরে ভাঙ্গারী ব্যবসা করতেন।

সদর থানার ওসি (তদন্ত) মো. মোমিনুল হক হত্যার বিষয়টি নিশ্চিত করে বলেন, খোকন আলী শেখকে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এছাড়া মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি খোকন আলীর ছোট ভাই বর্তমান স্বামী ফকির আলীকেও খুঁজছে পুলিশ।

লক্ষ্মীপুর পুলিশ সুপার ড. এএইচএম কামরুজ্জামান জানান, এটি পরিকল্পিত হত্যা। তবে পারিবারিক বিরোধ ও পরকীয়ার জের ধরে এই হত্যাকাণ্ড হয়েছে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।