শিরোপায় চোখ আবাহনীর

ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের (ডিপিএল) সুপার লিগ শুরু হচ্ছে আজ। প্রথম দিনে তিন ম্যাচের সবচেয়ে আকর্ষণীয়টি হবে মিরপুরে শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে গতবারের চ্যাম্পিয়ন আবাহনীর সঙ্গে প্রাইম ব্যাংকের। আবাহনীর বিপক্ষে মাঠে নামার আগে প্রাইম ব্যাংকের কোচ মোহাম্মদ সালাউদ্দিন ক্ষেপেছেন খেলোয়াড়দের ফিটনেস ইস্যুতে। আবাহনী কোচ খালেদ মাহমুদ সুজনের বিশ্বাস কিছুটা পিছিয়ে থাকলেও এখনো টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হওয়া সম্ভব।

লিগ পর্বের ১০ ম্যাচে ৯ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে শেখ জামাল। আবাহনী তাদের চেয়ে ৪ পয়েন্টে পিছিয়ে তিন নম্বরে। সমান ১৪ পয়েন্টে দুইয়ে লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রাইম ব্যাংক ১২ পয়েন্টে আছে চারে। প্রতিটি দল সুপার লিগে পাঁচটি করে ম্যাচ খেলবে। তাই পয়েন্ট টেবিলের শীর্ষ তিন দলেরই সম্ভাবনা আছে শিরোপা জেতার। প্রাইম ব্যাংক এবং পাঁচ ও ছয় নম্বরে থাকা রূপগঞ্জ টাইগার্স ও গাজী গ্রুপের জন্য হিসেবটা একটু কঠিন। তবে পাঁচ ম্যাচের হিসেবে বদলে যেতে পারে অনেক কিছু।

রাউন্ড রবিনে নিজেদের সবশেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল আবাহনী ও প্রাইম ব্যাংক। ২৭১ রান করে ২৮ রানের জয়ে ব্যাংকারদের পেছনে ফেলে আবাহনী। ৪ দিনের মাথায় দ্বিতীয় দেখায় এবার কী হয় দেখার বিষয়। টুর্নামেন্ট জয়ের আশা নিয়ে দল গড়ে প্রথম দিকে ভালোই করেছিল সালাউদ্দিনের দল। তবে এরপরই হয় ছন্দপতন। এই ছন্দপতনের জন্য সালাউদ্দিন দায়ী করছেন ক্রিকেটারদের ফিটনেসকে। ফিটনেস নিয়ে আগামী মৌসুমের জন্য এখনই ক্রিকেটারদের সতর্ক করে দিয়েছেন অভিজ্ঞ এই কোচ। সালাউদ্দিন বলেন, ‘কোচ হিসেবে দলকে ওই জায়গায় ফেরানো (যেভাবে শুরু করেছিল দল) আমার পক্ষে খুব কঠিন। আমার মনে হয়, আমার দলের বেশির ভাগ খেলোয়াড় আনফিট। প্রাণশক্তি তিন-চার ম্যাচের জন্যই ছিল। এরপর আর ছিল না। আমার বার্তা আমি দলকে দিয়ে দিয়েছি। সামনের বছর যদি খেলতে হয়, তাহলে ফিটনেস নিয়ে খেলতে হবে। নয়তো খেলার সুযোগ নেই।’ শারীরিক ফিটনেসের ঘাটতির পাশাপাশি সালাউদ্দিন প্রশ্ন তুললেন ক্রিকেটারদের মানসিকতা নিয়েও। ‘আমার মনে হয়, দলের ‘টিম ফিলিংস’ থাকা খুব জরুরি। আপনি যত ভালো দল করেন না কেন, দলের ভেতর থেকে যদি ‘টিম ফিলিংস’ না আসে, তাহলে দলের জন্য ফল পাওয়া কঠিন। আপনার তো দলের প্রতি দরদ থাকতে হবে। তারপর দল ফলাফল করবে কী করবে না, সেটা বোঝা যাবে। অন্তত যদি দরদ দিয়ে খেলেন, তারপরও যদি দল হেরে যায় তাহলে, আপনার মানসিক সন্তুষ্টি থাকবে। সেই তৃপ্তি আমি পাইনি।’

দক্ষিণ আফ্রিকা সফর শেষে দলের সঙ্গে যোগ দিয়ে এক ম্যাচ খেলেছেন মুমিনুল হক। তামিমও আছেন এই দলে। তবে ব্যক্তিগত কাজে লন্ডন যাওয়ায় সুপার লিগের দ্বিতীয় ম্যাচ থেকে খেলার কথা তামিমের।

শীর্ষের শেখ জামাল থেকে চার পয়েন্ট অর্থাৎ দুই ম্যাচ জয় দূরে থাকা আবাহনী শিরোপা জয়ের লক্ষ্যেই আছে বলে জানালেন কোচ খালেদ মাহমুদ সজুন, ‘আমরা দুটো ম্যাচ পিছিয়ে আছি। তবে আমি মনে করি আবাহনী সেরা দল। আমরা প্রথম অংশে ভালো খেলিনি, এটা হতেই পারে। তবে এখন লিটন, শান্ত, জয়, শহিদুল চলে এসেছে। আবার বিহারিকে বদল করে ধনঞ্জয়াকে আনলাম যেহেতু আমাদের অলরাউন্ডারের অভাব আছে দলে। তো চাপ না ঠিক, আমরা হ্যাটট্রিক চ্যাম্পিয়ন। আমরা চ্যাম্পিয়ন হওয়ার জন্য দল গড়েছিলাম লক্ষ্যটা এখনো সেটাই আছে।’

গাজী গ্রুপের বিপক্ষে রাউন্ড রবিন লিগের দেখায় সহজ জয়ই পেয়েছিল শেখ জামাল। ১৫৮ রানের লক্ষ্যে জামাল পৌঁছে যায় ৯ উইকেট ও ১৪১ বল হাতে রেখে। তাই এই ম্যাচেও জয়ের পাল্লা শেখ জামালের দিকেই। দুই রূপগঞ্জের খেলায় ফেভারিট মাশরাফী বিন মোর্ত্তজার দল লিজেন্ডস অব রূপগঞ্জ। এই দুই দলের প্রথম দেখায় ২৯৪ রানের বড় সংগ্রহ গড়েও বৃষ্টি আইনে হারতে হয়েছিল রূপগঞ্জ টাইগার্সকে। এছাড়া রেলিগেশন জোনের ম্যাচে আজ সিটি ক্লাব মুখোমুখি হবে খেলাঘর সমাজ কল্যাণ সমিতির।