গাইবান্ধায় হাতির তান্ডব

সার্কাসের একটি হাতিকে বিরক্ত করায় প্রায় সাত ঘণ্টা ধরে গাইবান্ধা সদর উপজেলার তিনটি ইউনিয়নের বিভিন্ন গ্রামের ধানের জমিতে দাপিয়ে বেড়িয়েছে। হাতির তা-বে বোরো ধানের কিছু জমির আধাপাকা ধান নষ্ট হয়েছে। পরে গতকাল রবিবার বিকেল পৌনে ৪টার দিকে হাতিটি শান্ত হলে মাহুত এটিকে নিয়ে রংপুরের দিকে চলে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত শনিবার রংপুর থেকে হাতিটিকে নিয়ে গাইবান্ধায় আসেন হাতির মালিক ও মাহুত শাকিল ইসলাম। গতকাল সকাল ৯টার দিকে গাইবান্ধা-নাকাইহাট সড়কের হাসপাতাল বালুয়া বাজার এলাকায় হাতি নিয়ে চাঁদা তুলছিলেন মাহুত। এ সময় বালুয়া বাজারে কয়েক যুবক হাতিটিকে বিরক্ত করলে হাতিটি সেখান থেকে বিভিন্ন ধানি জমির ভেতর দিয়ে রামচন্দ্রপুর, সাহাপাড়া থেকে বল্লমঝাড় ইউনিয়নের বিভিন্ন গ্রামে তা-ব চালাতে চালাতে চলে যায়। বিকেল পৌনে ৪টার দিকে হাতিটি শান্ত হয়। এ সময় হাতিটির ক্ষতি না করতে ও মানুষকে শান্ত থাকতে সদর থানার পুলিশ ও গ্রাম পুলিশ ঘটনাস্থলে গিয়ে মাইকিং করে।

চাঁদা তোলার বিষয়টি শাকিল ইসলাম অস্বীকার করেছেন।