মাল্টার ভেতর ইয়াবা, রোহিঙ্গা গ্রেপ্তার

রাজধানীতে মাল্টার ভেতর ইয়াবা টেবলেট বহনের সময় আয়াছ (১৮) নামে এক রোহিঙ্গাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তার কাছে পাওয়া সাতটি মাল্টার ভেতরে ১৩০০ ইয়াবা মিলেছে।

গত শনিবার রাত ৮টার দিকে শান্তিনগর থেকে তাকে গ্রেপ্তার করে পল্টন থানা পুলিশ। গতকাল রবিবার আয়াছকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পল্টন থানার ওসি মো. সালাউদ্দীন মিয়া জানান, শান্তিনগর এলাকার গ্রিন হোমিও হলের সামনে ইয়াবা বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছিল কক্সবাজার থেকে পালিয়ে আসা রোহিঙ্গা আয়াছ। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় তাকে গ্রেপ্তার করা হয়। তার পলিব্যাগে সাতটি মাল্টা পাওয়া যায়। এসব ফলের খোসা ছাড়ানোর পর দেখা যায়, ভেতরে পলিথিন দিয়ে মোড়ানো ইয়াবা।

মাল্টার ভেতরে কী করে ইয়াবা রাখা ছিল, এ প্রশ্নের উত্তরে ওসি জানান, একটি ছিদ্র করে মাল্টার ভেতরের অংশ খালি করা হয়। তারপর একটি খালি পলিথিন ঢুকিয়ে একটি একটি করে ইয়াবা ঢোকানো হয়। পরে ছিদ্র বন্ধ করে দেওয়া হয়।