করোনা হানা দিয়েছে দিল্লি ক্যাপিটালস শিবিরে। এই ফ্র্যাঞ্চাইজির হয়ে পঞ্চদশ আইপিএল খেলছেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান।
কভিড প্রাদুর্ভাবের ভয়ে নিজেদের পরবর্তী ম্যাচ খেলতে আজকের নির্ধারিত পুনে সফর বাতিল করেছে দিল্লি। আগামী বুধবার (২০ এপ্রিল) পাঞ্জাব কিংসের বিপক্ষে ম্যাচ রয়েছে দিল্লির। এই ম্যাচকে সামনে রেখে মুম্বাই থেকে পুনে যাওয়ার কথা মোস্তাফিজদের।
আপাতত দলটির ক্রিকেটার ও স্টাফরা হোটেলে নিজেদের কক্ষে কোয়ারেন্টিনে আছেন। আজ ও আগামীকাল দিল্লির প্রত্যেকের করোনা পরীক্ষা করানো হবে।
করোনা পজিটিভ হওয়ায় আগে থেকে আইসোলেশনে দিল্লি ক্যাপিটালসের ফিজিও প্যাট্রিক ফারহার্ট। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজ জানিয়েছে, র্যাপিড অ্যান্টিজেন পরীক্ষায় আরেকজন খেলোয়াড় করোনা শনাক্ত হয়েছেন। এই ফলাফল নিশ্চিতের জন্য তার আবার আরটি-পিসিআর পরীক্ষা করা হবে।
ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করবে দিল্লি।