ঐতিহাসিক মুজিবনগর দিবসের এক আলোচনা অনুষ্ঠানে বঙ্গবন্ধু হত্যার অন্যতম মাস্টামাইন্ড খন্দকার মোশতাক আহমদের প্রতি ‘শ্রদ্ধা’ জানিয়ে বিরূপ সমালোচনার মুখে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মো. রহমত উল্লাহ।
ঢাবি শিক্ষক সমিতির এই নেতার শ্রদ্ধা জানানোর ঘটনায় কঠোর অবস্থান নিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ। তারা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আখতারুজ্জামানের কাছে সোমবার একটি স্মারকলিপি দিয়েছেন।
স্মারকলিপি তারা বলেছে, রহমত উল্লাহর আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা নিশ্চিতপূর্বক বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে এ বিষয়ে ‘যথোপযুক্ত ব্যবস্থা’ নিতে হবে। তাকে জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করতে হবে। ছাত্রলীগের এসব দাবির প্রতি সমর্থন জানিয়েছেন উপাচার্য।
আজ দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাস ও সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন এই স্মারকলিপি প্রদান করেন।
এ সময় কেন্দ্রীয় ছাত্রলীগের সহসভাপতি মাজহারুল ইসলাম, রাকিব হোসেন, তিলোত্তমা শিকদারসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।
তবে ছাত্রলীগের এই স্মারকলিপি দেওয়ার ঘণ্টা দেড়েক আগে বিশ্ববিদ্যালয় ক্লাবে সংবাদ সম্মেলন করে ‘যদি ভুল হয়ে থাকে তবে ক্ষমা প্রার্থনা’ করেছেন নীল দলের (আওয়ামী লীগপন্থী) শিক্ষকনেতা রহমত উল্লাহ।
স্মারকলিপি দেওয়ার আগে উপাচার্যের সামনে বক্তব্য দেন সাদ্দাম হোসেন। তিনি বলেন, ‘মো. রহমত উল্লাহর বক্তব্য ছাত্রসমাজকে আঘাত করছে। এ ধরনের বক্তব্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মর্যাদার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। একে কেন্দ্র করে পরে আমরা তার যে বয়ান দেখেছি, তা যথেষ্ট নয় বলে আমরা মনে করি। জ্ঞাতসারে বা অজ্ঞাতে দেশের ইতিহাসের ঘৃণিত ব্যক্তি মোশতাকের নাম যখন কেউ সচেতন বা অসচেতনভাবে উচ্চারণ করেন এবং তা আবার বিশ্ববিদ্যালয়ের আনুষ্ঠানিক প্ল্যাটফর্মে উচ্চারণ করেন, এর পেছনে তার (রহমত উল্লাহ) কোনো শুভ উদ্দেশ্য ছিল বলে আমরা মনে করি না৷ তার এই বক্তব্য আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। ছাত্রসমাজ মনে করে, এ ব্যাপারে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগ নেওয়ার প্রয়োজন আছে। যেহেতু বিশ্ববিদ্যালয় প্রশাসনের কর্মসূচিতে মোশতাকের কথা বলা হয়েছে, তাই এ বিষয়ে প্রশাসনকে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে।’
এরপর বক্তব্য দেন সনজিত চন্দ্র দাস। তিনি বলেন, বাংলাদেশ সৃষ্টির পর সবচেয়ে ঘৃণিত যে কাজটি ঢাকা বিশ্ববিদ্যালয়ে হলো, আমরা এর তীব্র নিন্দা জানাই। এ ধরনের ইতিহাস বিকৃতির মাধ্যমে তিনি দেশের সর্বোচ্চ আইন সংবিধান লঙ্ঘন করেছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি। বিষয়টি বেদনার যে তিনি শুধুই একজন শিক্ষক নন, শিক্ষকনেতাও। তিনি যে অপ্রকৃতিস্থ কথা বলেছেন, এর মাধ্যমে অপরাধ করেছেন। প্রকারান্তরে তিনি জাতির পিতাকে অসম্মান করেছেন এবং জাতির পিতার খুনিকে সম্মানিত করেছেন। এটি আমাদের হৃদয়কে রক্তাক্ত করেছে। আমরা আবারও তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
উপাচার্যকে উদ্দেশ্য করে তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিভাবক হিসেবে আপনি তার জন্য যে ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া উচিত, তা নেবেন বলে আমরা মনে করি। আমরা চাই, তিনি যেসব দায়িত্বশীল জায়গায় রয়েছেন, সব জায়গা থেকে তিনি অব্যাহতি চাইবেন এবং জাতির কাছে প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করবেন। সংবাদ সম্মেলন করে টালবাহানাপূর্ণ কোনো ক্ষমা প্রার্থনা আমরা মেনে নেব না।
এ সময় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের স্মারকলিপিটি উপাচার্যকে পড়ে শোনান সনজিত। এতে বলা হয়, বাংলাদেশ রাষ্ট্রের স্বপ্নদ্রষ্টা ও রূপকার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবার হত্যাকাণ্ডের অন্যতম মাস্টারমাইন্ড, বাঙালির হৃদয়ে ‘কুখ্যাত মীর জাফর’ হিসেবে ঘৃণিত খন্দকার মোশতাক আহমদকে জ্ঞাত-অজ্ঞাতভাবে শ্রদ্ধা জানানোর মতো যেকোনো ঘটনা-বক্তব্যকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চূড়ান্তভাবে প্রত্যাখ্যান করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে জাতির জনকের খুনির নাম উচ্চারিত হতে পারে না। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ এ ঘটনাকে ধৃষ্টতামূলক বলে মনে করে। একই সঙ্গে শুধু বক্তব্য প্রত্যাহারই নয়, এ বক্তব্যের জন্য আমরা তাকে আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনার দাবি জানাই। রহমত উল্লাহর আনুষ্ঠানিক ক্ষমা প্রার্থনা নিশ্চিতপূর্বক বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অবিলম্বে এ বিষয়ে যথোপযুক্ত ব্যবস্থা নিতে হবে।
ছাত্রলীগের নেতাদের বক্তব্য শোনার পর উপাচার্য মো. আখতারুজ্জামান বলেন, এই সুন্দর দৃষ্টিভঙ্গির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগকে ধন্যবাদ দিই। খুব পরিশীলিত ভাষা ও যৌক্তিক উপস্থাপনার মাধ্যমে তারা বিষয়টির নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। লিখিত ও মৌখিক যে বক্তব্য সনজিত চন্দ্র দাস ও সাদ্দাম হোসেন এখানে উপস্থাপন করল, সেগুলোর সবটাই খুবই যৌক্তিক মাত্রায়, পরিশীলিত, পরিমিত ও দায়িত্বশীলভাবেই এসেছে। আশা করি, তাদের বক্তব্যগুলোর সঙ্গে দ্বিমত করার মতো মানুষ সমাজে খুব বেশি থাকবে না। এসব বক্তব্যের সঙ্গে কেউ দ্বিমত করার কোনো কারণ খুঁজে পাবে বলে আমার মনে হয় না। এগুলোর সঙ্গে আমি সহমত জ্ঞাপন করি এবং আশা করি যে একটি সুন্দর সমাধান আসবে।
আখতারুজ্জামান আরও বলেন, ছাত্রলীগ যেভাবে দায়িত্বশীল আচরণের মধ্য দিয়ে বিষয়টির প্রতিবাদ করল, এভাবেই মূলত যেকোনো সমস্যার সমাধান সম্ভব। আমাদের মহান মুক্তিযুদ্ধ, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব, বাংলাদেশ, মহান ভাষা আন্দোলন- এই মূল্যবোধের সঙ্গে আমরা কোনোভাবেই কোনো অপশক্তি, ষড়যন্ত্রকারী বা ঘৃণিত মহলের কোনো ধারণা, মত বা দর্শনের প্রতিফলন বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং বিশেষ করে এই জাতি কখনো গ্রহণ করবে না। এসব বিষয়ে আমরা খুবই যত্নশীল।
উল্লেখ্য, গতকাল রবিবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজিত ওই আলোচনা সভায় অংশ নিয়ে মুজিবনগর সরকারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানাতে গিয়ে মো. রহমত উল্লাহ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মূল পরিকল্পনাকারীদের অন্যতম খন্দকার মোশতাক আহমদের প্রতিও ‘শ্রদ্ধা’ জানান বলে অভিযোগ ওঠে। পরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) মুহাম্মদ সামাদ ওই বক্তব্য নিয়ে আপত্তি জানালে ওই সভাতেই সভাপতির বক্তব্য দিতে গিয়ে উপাচার্য মো. আখতারুজ্জামান মো. রহমত উল্লাহর বক্তব্যের ওই অংশ প্রত্যাহার করেন। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বইছে।
মো. রহমত উল্লাহ দীর্ঘদিন ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামী লীগপন্থী শিক্ষকদের সংগঠন নীল দলের রাজনীতির সঙ্গে যুক্ত। নীল দলের প্যানেল থেকে তিনি শিক্ষক সমিতির সভাপতির পাশাপাশি আইন অনুষদের ডিনও নির্বাচিত হয়েছেন।