মুন্সীগঞ্জের পঞ্চসারের মালিপাথর গ্রামে অবৈধ কারেন্ট জাল ব্যবহার বন্ধে অভিযানে গিয়ে সাত পুলিশ সদস্য আহত হয়েছেন। গত রবিবার রাত ১২টার দিকে মাইকিং করে এ হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে পুলিশ। আহতদের মধ্যে এসআই নজরুল ইসলাম, মো. ফরিদ ও কনস্টেবল মো. রায়হানকে ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় ছয়জনকে আটক করেছে পুলিশ।
সদর থানার ইন্সপেক্টর তদন্ত মো. রাজিব খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার এসআই নজরুল ইসলাম ও মো. ফরিদের নেতৃত্বে একটি দল মালিপাথর গ্রামে অবৈধ কারেন্ট জাল কারখানায় অভিযান চালায়। স্থানীয় ইউপি সদস্য মো. ইমরানের ভাই মো. সম্রাটের কারেন্ট জাল কারখানায় এ অভিযান চলাকালে কয়েকশ লোক জড়ো হয়ে পুলিশের ওপর হামলে পড়ে। এতে সদর থানার দুই এসআইসহ অন্তত সাত সদস্য আহত হন। পুলিশ আত্মরক্ষার্থে সাত রাউন্ড ফাঁকা গুলি ছুড়লে হামলাকারীরা পিছু হটে। পরে সেখানে অতিরিক্ত পুলিশ পৌঁছে আহতদের উদ্ধার করে।
তিনি দাবি করে আরও বলেন, স্থানীয় ইউপি সদস্য ইমরান ও তার ভাই সম্রাট লোকজন জড়ো করে পুলিশের ওপর ওই হামলা চালিয়েছে। ঘটনার পর পুলিশ অন্তত ছয়জনকে আটক করেছে। তাদের সদর থানা হেফাজতে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মধ্যরাতে স্থানীয় ইউপি সদস্যের ভাইয়ের কারেন্ট জাল কারখানায় পুলিশ অভিযান চালায়। এতে ইউপি সদস্য ও তার ভাইয়ের লোকজন পার্শ্ববর্তী মসজিদের মাইক থেকে ডাকাত ডাকাত বলে ঘোষণা দেয়।