নেত্রকোনার কলমাকান্দা থানায় ইয়াসিন মিয়া নামে এক সাংবাদিকের বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে মামলা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
গত রবিবার রাতে কলমাকান্দার লেংগুড়া বিওপির হাবিলদার মিনহাজ উদ্দিন বাদী হয়ে ইয়াসিনসহ পাঁচজনের নামে এ মামলা করেন। অন্য আসামিরা হলেন উপজেলার গৌরিপুর গ্রামের ইসমাইল (৩৫), তারানগর গ্রামের মো. সোহান মিয়া (২৮), লেংগুড়া গ্রামের মো. সুমন মিয়া (২৫) ও কালাপানি গ্রামের মো. মঞ্জুরুল ইসলাম (৩০)।
মামলার অভিযোগে বলা হয়, গত শনিবার দুপুরে বিজিবি সদস্যদের দেখে এক ব্যক্তি দুই বস্তা সুপারি ফেলে পাশের বাড়িঘরের দিকে পালিয়ে যান। তাকে ধরতে গেলে ইয়াসিনসহ অন্য আসামিরা বাধা দেন। সুপারি জব্দ করতে গেলে তারা গালাগাল করেন। একপর্যায়ে এক বিজিবি সদস্যকে মারধর ও অস্ত্র ধরে টানাটানি করেন আসামিরা।