রাজধানীর নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষ হয়েছে। গতকাল সোমবার রাত ১২টার দিকে এ সংঘর্ষ বাধে। তবে কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত তাৎক্ষণিকভাবে তা নিশ্চিত হওয়া যায়নি। রাত দেড়টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত সেখানে উত্তেজনা বিরাজ করছিল।
নিউমার্কেট থানার উপপরিদর্শক (এসআই) রুমী কাবরেজ বলেন, ‘ঢাকা কলেজের কিছু শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। ঘটনাস্থলে আমাদের সিনিয়র অফিসার এবং থানার প্যাট্রোল পার্টি অবস্থান নিয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা চলছে।’
এই সংঘর্ষের জেরে মিরপুর রোডের যান চলাচল বন্ধ হয়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চন্দ্রিমা সুপার মার্কেটের সামনে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল নিক্ষেপ করছে।