সীতাকুণ্ডে স্ত্রী-ছেলেদের বিরুদ্ধে বৃদ্ধকে হত্যার অভিযোগ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার মুরাদপুর ইউনিয়নের গুলিয়াখালি গ্রামে এক বৃদ্ধকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। নিহতের নাম জয়নাল আবেদিন (৫৮)। তিনি গুলিয়াখালীর চান মিয়ার বাড়ির মৃত ফোরক আহমেদের ছেলে।

স্থানীয়রা জানান, গতকাল সোমবার ইফতারের পর কোনো একটা বিষয় নিয়ে স্ত্রী ও ছেলেদের সঙ্গে বাগ্‌বিতণ্ডা হয় জয়নাল আবেদীনের।

এর কিছুক্ষণ পর অচেতন অবস্থায় তাকে ঘর থেকে বের করছিলেন স্ত্রী ও দুই ছেলে। এ সময় পাশের ঘরের এক ব্যক্তির চিৎকারে বাড়ির লোকজন এসে তার গলায় কাচের গ্লাসের আঘাতের চিহ্ন দেখতে পান। এ সময় তার গলা থেকে অতিরিক্ত রক্তক্ষরণ হচ্ছিল। এরপর তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ছেলেদের সঙ্গে বাগ্‌বিতণ্ডার একপর্যায়ে গ্লাস ভেঙে তার গলায় ঢুকিয়ে দেওয়া হয়েছে বলে স্থানীয়রা দাবি করেন।

সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ ও ওসি (তদন্ত) সুমন বনিক নিহতের পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করছেন।