ধানমন্ডিতে গণধোলাইয়ের শিকার যুবকের মৃত্যু

রাজধানীর ধানমন্ডি এলাকার একটি বাসায় চুরির অভিযোগে গণধোলাইয়ে আহত পলাশ মিয়া (১৮) নামে এক যুবক মারা গেছেন।

চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার বেলা সাড়ে ৩টার দিকে ঢাকা মেডিকেলের আইসিইউতে মৃত্যু হয় তার।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ধানমন্ডি থানার অফিসার ইনচার্জ (ওসি) একরাম আলী মিয়া।

এর আগে সোমবার রাত পৌনে ৪টার দিকে ধানমন্ডি ৫ নম্বর রোডে ঘটনাটি ঘটে। 

ওসি জানান, আহত অবস্থায় পলাশকে ভর্তি করা হয় ঢাকা মেডিকেলে। চিকিৎসাধীন মারা যায় সে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

ওসি আরো জানান, পলাশসহ দুজন সোমবার রাতে ধানমন্ডি ৫ নম্বর রোডের একটি বাসার তৃতীয় তলায় গ্রিল বেয়ে চুরি করতে ওঠে। বাসার দারোয়ান টের পেয়ে তাদের ধাওয়া করে। দুজন পালিয়ে গেলেও পলাশ ওপর থেকে পড়ে যায়। তখন লোকজন তাকে ধরে ফেলে এবং গণধোলাই দেয়। খবর পেয়ে পুলিশ আহত অবস্থায় তাকে প্রথমে গণস্বাস্থ্য মেডিকেলে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।

পলাশের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলায়। বর্তমানে মোহাম্মদপুর এলাকায় থাকতেন।