ধর্ম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কার এক নাগরিককে পিটিয়ে হত্যার ঘটনায় পাকিস্তানে ছয়জনকে ফাঁসির আদেশ দিয়েছে দেশটির একটি আদালত। একই সঙ্গে এ ঘটনায় আরও সাতজনের যাবজ্জীবন কারাদণ্ডও দেওয়া হয়েছে বলে জানিয়েছে ডন। এছাড়া গত ডিসেম্বরের এ ঘটনায় ৬৭ জনকে দুই বছর কারাগারে থাকতে হবে বলে জানিয়েছে আদালত। শুধু একজনকে মুক্তি দেওয়া হয়েছে।
পাকিস্তানের শিয়ালকোটের রাজকো ইন্ডাস্ট্রিজ নামের শ্রীলঙ্কার একটি কারখানার ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন লঙ্কান নাগরিক প্রিয়ান্থা কুমারা। ধর্ম অবমাননার অভিযোগে গত ডিসেম্বরের শুরুতে তার কারখানায় হামলা চালায় একদল উত্তেজিত জনতা। সেখানে শত শত মানুষ তাকে প্রথমে বেধড়ক মারধর, পরে তার শরীরে আগুন ধরিয়ে দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান প্রিয়াঙ্কা। হামলাকারীদের অভিযোগ ছিল, কিছু ইসলামিক স্টিকার অপবিত্র করেছেন প্রিয়ান্থা কুমারা।
ডন জানিয়েছে, একদল মানুষ প্রিয়ান্থাকে বেধড়ক মারে এবং তারপর তার দেহে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার প্রচুর ভিডিও ও ছবি ছড়িয়ে পড়ে। প্রচুর সাক্ষীও আদালতে ঘটনার বিবরণ দিয়েছেন। একজন মানুষ তাকে বাঁচাতে গিয়েছিলেন, কিন্তু পারেননি।