চার কোটি টাকার দুর্নীতি

ওসি প্রদীপের বিরুদ্ধে আরও ৫ জনের সাক্ষ্য

অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি, কক্সবাজারের টেকনাফ থানার বরখাস্তওসি প্রদীপ কুমার দাশের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলায় আরও ৫ জন সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে ১৭ সাক্ষীর জবানবন্দি নেওয়া হলো।

গতকাল মঙ্গলবার সকালে চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সী আবদুল মজিদ ৫ সাক্ষীর জবানবন্দি নেন। তারা হলেনগৃহায়ন ও গণপূর্তের প্রকৌশলী মো. নুরুল হুদা, চন্দিমা শীল, মাহমুদুল হাসান, জুলিয়ান সেতেরা ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মোটরযান শাখার পরিদর্শক আনোয়ার হোসেন।

সাক্ষ্যগ্রহণকালে প্রদীপ কুমার দাশ আদালতে উপস্থিত ছিলেন। আগামী ২৭ এপ্রিল আদালত পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছে।  দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদুল হক বলেন, গৃহায়ন ও গণপূর্তের চার প্রকৌশলী ওসি প্রদীপের পাঁচলাইশ থানার ষোলশহরের সেমিপাকা ঘরগুলো পরিমাপের প্রতিবেদন দিয়েছিলেন।