বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান ও তার স্ত্রী ডা. জোবাইদা রহমানের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলার বৈধতা নিয়ে হাইকোর্টের দেওয়া রুলের শুনানি শুরু হচ্ছে। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ শুনানির জন্য আজ বুধবার ধার্য করেছেন বলে দেশ রূপান্তরকে জানান দুদকের আইনজীবী মো. খুরশীদ আলম খান।
দুদকের আইনজীবী জানান, ৪ কোটি ৮১ লাখ ৫৩ হাজার ৫৬১ টাকার সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে রাজধানীর কাফরুল থানায় ২০০৭ সালের ২৬ সেপ্টেম্বর তারেক রহমান ও জোবাইদা রহমানের বিরুদ্ধে মামলা করে দুদক। পরে এ মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে আবেদন করেন তারা। ২০০৮ সালের আগস্টে ঢাকার সংশ্লিষ্ট একটি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক। অভিযোগপত্রে তারেক রহমানের শাশুড়ি ইকবাল মান্দ বানুকেও আসামি করা হয়।