টার্গেট অফিসগামী যাত্রী

অপহরণ-মুক্তিপণ আদায় চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

পাঁচ শতাধিক অপহরণ ও মুক্তিপণ আদায়ের অভিযোগে ঢাকা ও নরসিংদীর শিবপুর থেকে ৫ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ডিবি সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগ। গতকাল মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিবি-উত্তরের যুগ্ম পুলিশ কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদ।

হারুন অর রশীদ বলেন, ঢাকার বিভিন্ন স্থান থেকে চালক মো. হিরু মোল্লা, দিনমজুর নিজাম উদ্দিন, চালক মো. জাকির হোসেন ও দোকানদার নজরুল ইসলাম এবং নরসিংদীর শিবপুর থেকে চক্রের মূল অভিযুক্ত আব্দুল বারেককে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ২টি খেলনা পিস্তল, ২টি ছুরি, ১টি চাপাতি, ১টি লোহার পাইপ, ১টি প্লাস ও ৬টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।  তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃতরা ঢাকার জনসমাগম স্থান বা আশপাশ এলাকায় প্রাইভেট কারে ১/২টি সিট খালি রেখে অবস্থান নেয়। তাদের টার্গেট অফিসগামী যাত্রী।