ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীদের সংঘর্ষের জের ধরে রণক্ষেত্র হয়ে ওঠা রাজধানীর নিউমার্কেট এলাকা বুধবার স্বাভাবিক হয়ে এসেছে।
এদিন, নীলক্ষেত থেকে সায়েন্স ল্যাব সড়কে যানবাহন চলাচলও স্বাভাবিক দেখা যায়। এছাড়া, সড়কে ব্যবসায়ী-কর্মচারী, শিক্ষার্থীসহ বিবদমান কোনো পক্ষের উপস্থিতি দেখা যায়নি। এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন রয়েছে।
নিউমার্কেট এলাকায় ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে নিউমার্কেট এলাকার বিপণিবিতানের দোকানমালিক ও কর্মচারীদের মধ্যে গত সোমবার দিবাগত রাতে শুরু হওয়া সংঘর্ষ পরদিন মঙ্গলবার রণক্ষেত্রে রূপ নেয়। সংঘর্ষের মধ্যে পড়ে আহত নাহিদ হোসেন (২০) নামের এক পথচারী চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সংঘর্ষে অনেকে আহত হয়।
সংঘর্ষের কারণে রাজধানীর ব্যস্ত সড়ক মিরপুর রোডের সায়েন্স ল্যাব থেকে নীলক্ষেত পর্যন্ত যান চলাচল বন্ধ ছিল। তার প্রভাবে আশপাশের সড়ক কার্যত অচল হয়ে যায়।
দফায় দফায় সংঘর্ষের পর গতকাল রাত সাড়ে ১০টার পর ছাত্র, দোকানমালিক ও কর্মীরা সড়ক থেকে সরে যান। পরে নীলক্ষেত-নিউমার্কেট এলাকার সড়কে যান চলাচল শুরু হয়।
বুধবার সকাল থেকে নীলক্ষেত-নিউমার্কেট এলাকার সড়কে স্বাভাবিকভাবে যানবাহন চলাচল করতে দেখা গেছে। সকাল ১০টায় মিরপুর রোডের এ অংশে কোনো যানজট দেখা যায়নি।
সড়কে যান চলাচল স্বাভাবিক হলেও সংঘর্ষের পর আজও নিউমার্কেটসহ আশপাশের মার্কেটগুলো খোলেনি। নীলক্ষেত-নিউমার্কেট এলাকায় ব্যবসায়ী বা কর্মচারীদের উপস্থিতি নেই।
নীলক্ষেত-নিউমার্কেট এলাকায় পুলিশের বিপুলসংখ্যক সদস্যের উপস্থিতি লক্ষ করা গেছে।
ঢাকা মহানগর পুলিশের (ট্রাফিক) নিউমার্কেট অঞ্চলের সহকারী কমিশনার হারুন অর রশীদ সকাল সাড়ে নয়টার দিকে বলেন, এলাকার পরিস্থিতি আজ শান্ত রয়েছে। নীলক্ষেত-নিউমার্কেট এলাকার সড়কে যান চলাচল এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তবে মার্কেটগুলো এখনো বন্ধ আছে।