ঢাকা কলেজের সমর্থনে আইডিয়ালের শিক্ষার্থীদের বিক্ষোভ

ঢাকা কলেজের ছাত্রদের সঙ্গে একাত্মতা জানিয়ে বিক্ষোভ করেছে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের একটি অংশ।

বুধবার বেলা সোয়া ১১টার দিকে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে মিছিল নিয়ে ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে যান আইডিয়াল কলেজের শতাধিক শিক্ষার্থী। মিছিলে ‘ঢাকা কলেজ ভয় নাই, রাজপথ ছাড়ি নাই’, ‘উই ওয়ান্ট জাস্টিস ফর ঢাকা কলেজ’ প্রভৃতি স্লোগান দেওয়া হয়।

পরে ঢাকা কলেজ ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল ও শিক্ষকদের সঙ্গে আলোচনা করে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা চলে যান।

ঢাকা কলেজের প্রধান ফটকের সামনে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা বলেন, ঢাকা কলেজ শিক্ষার্থীদের সঙ্গে ব্যবসায়ীরা ও আইনশৃঙ্খলা বাহিনী যে আচরণ করেছে, তা কোনোভাবেই কাম্য নয়। সাধারণ শিক্ষার্থী হিসেবে তীব্র নিন্দা জানানোর জন্যই এসেছেন তারা। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা পোষণ করেন।

আইডিয়ালের শিক্ষার্থীরা বিক্ষোভ নিয়ে ঢাকা কলেজের ক্যাম্পাসে পৌঁছালে কলেজের শিক্ষকেরা তাদের শহীদ আ ন ম নজিব উদ্দিন খান খুররম মিলনায়তনে নিয়ে যান। সেখান তাদের সঙ্গে সার্বিক পরিস্থিতি নিয়ে কথা বলেন শিক্ষকেরা।

ঢাকা কলেজের শিক্ষকেরা আইডিয়ালের শিক্ষার্থীদের জানান, সার্বিক পরিস্থিতি এখন স্বাভাবিক আছে এবং ছাত্রদের অনুকূলে আছে৷ শিক্ষকদের কথায় আশ্বস্ত হয়ে তারা ঢাকা কলেজ থেকে চলে যান।