নিউ মার্কেটের দোকানে দোকানে সাদা পতাকা, শান্তির আহ্বান

ঢাকা কলেজের শিক্ষার্থী ও ব্যবসায়ীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় তৃতীয় পক্ষ জড়িত বলে উল্লেখ করেছে ঢাকা নিউ মার্কেট ব্যবসায়ী সমিতি।

ব্যবসায়ীরা শান্তিপূর্ণ সহাবস্থান চান অভিমত ব্যক্ত করে ঢাকার নিউ মার্কেট এলাকার বিপণি বিতানগুলোর ছাদে এখন উড়ছে সাদা পতাকা।

এর মাধ্যমে ‘আর সংঘর্ষ নয়, শান্তি চাই’- এই বার্তা দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন দোকানিরা।

মঙ্গলবার প্রথম প্রহর থেকে দিনভর নিউ মার্কেট এলাকার বিভিন্ন বিপণি বিতানের দোকানকর্মীর সঙ্গে ঢাকা কলেজের শিক্ষার্থীদের দফায় দফায় সংঘর্ষে ওই এলাকা রণক্ষেত্রে রূপ নেয়।

এই সংঘর্ষে এক পথচারী নিহত হন, আহত হয় অর্ধ শত ব্যক্তি। সংঘর্ষের কারণে মঙ্গলবার সারা দিনে ওই এলাকার প্রায় ৭৫টি বিপণি বিতানের কোনো দোকান খোলেনি।

বুধবার সকালে পরিস্থিতি আপাত শান্ত হওয়ার পর ওই এলাকা বিভিন্ন বিপণি বিতানের ছাদে সাদা পতাকা উড়তে দেখা যায়।

ঢাকা কলেজের বিপরীতে ধানমন্ডি হকার্স মার্কেটের ওপরে তিনটি সাদা পতাকা, নূর ম্যানশনের ছাদে দুটি, নিউ মার্কেটের বিপরীতে গাউছিয়া মার্কেটের ছাদে একটি, ইসমাইল ম‌্যানশনের ছাদে দুটি পতাকা উড়তে দেখা যায়।

ধানমন্ডি হকার্স মার্কেটের একটি দোকানের এক কর্মচারী বলেন, অনেক ক্ষতি হয়েছে গত দুই দিনে, আর ক্ষতি চাই না। তাই শান্তির প্রতীক হিসেবে ছাদে পতাকা ওড়ানো হয়েছে।

আরেক দোকানের মালিক বলেন, দুই বছর করোনাভাইরাসের কারণে কাবু হয়ে গেছি, আর এই ঈদেই যা একটু ব্যবসা হয়। অন্য সময় কোনোরকম চলি- সমান সমান, লাভ হয় না।

ঈদের আগে কেনা-বেচায় যখন সরগরম থাকার কথা নিউ মার্কেট এলাকা, তখন এই সংঘর্ষের কারণে ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।

এদিকে ঢাকা কলেজ এলাকায় আজ বিকেল পাঁচটার দিকে ককটেল বিস্ফোরিত হয়েছে। দুই দিন স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে ছাত্রদের সংঘর্ষের পর আজ নিউমার্কেটের দোকান খুলতে শুরু করে। এর ঘণ্টা দুয়েক পরই এ বিস্ফোরণের ঘটনা ঘটে।