গাজীপুরের শ্রীপুর রেলস্টেশনে ঢাকাগামী বলাকা এক্সপ্রেসের ইঞ্জিন হোম সিগন্যালের কাছে লাইনচ্যুত হয়ে পড়েছে। লাইনচ্যুত হওয়ার ঘটনায় ঢাকা-ময়মনসিংহ রুটের যমুনা, মহুয়া ও ব্রহ্মপুত্র এক্সপ্রেস ট্রেনের যাত্রা বিলম্বিত হয়েছে।
বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।
শ্রীপুর রেলস্টেশনের সহকারী স্টেশন মাস্টার শামীমা আক্তার জানান, নেত্রকোনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী বলাকা ট্রেনটি বিকেল ৫টার পর শ্রীপুর রেলস্টেশনে পৌঁছার আগেই ইঞ্জিনে গোলযোগ দেখা দেয়। ওই অবস্থায় ট্রেনটি স্টেশনের দুই নম্বর লাইনে এসে দাঁড়ায়। পরে ট্রেনের চালক আমিনুল ইসলাম ইঞ্জিনটিকে ঘুরিয়ে পেছনের নেয়ার চেষ্টা করলে হোম সিগন্যালের কাছাকাছি যেতেই চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়ে।
এতে জয়দেবপুরের সঙ্গে ময়মনসিংহের ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। রাত ৯টা পর্যন্ত ওই রুটে ট্রেন চলাচল বন্ধই রয়েছে।
লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার ও লাইন সচল করতে ঢাকার রেল ট্রাফিক কন্ট্রোলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
শামীমা জাহান বলেন, ‘দ্রুত লাইন সচল করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হচ্ছে।’
জানা গেছে, ইঞ্জিন লাইনচ্যুত হওয়ায় যমুনা এক্সপ্রেস, ব্রহ্মপুত্র এক্সপ্রেস ও মহুয়া এক্সপ্রেস আশপাশের বিভিন্ন স্টেশনে দীর্ঘ সময় ধরে দাঁড়িয়ে আছে।