ময়মনসিংহের নান্দাইল উপজেলায় আতশবাজি তৈরির কারখানায় বিস্ফোরণে দুই নারী শ্রমিক নিহত হয়েছেন। গতকাল বুধবার সকাল সাড়ে ৬টার দিকে দক্ষিণ বাঁশহাটি গ্রামে এ ঘটনা ঘটে। পরে পুলিশ কারখানা থেকে ২০ বস্তা আতশবাজি ও বারুদ উদ্ধার করে।
পুলিশ জানিয়েছে, নিহত ওই দুই নারী শ্রমিকের মধ্যে নাছিমা আক্তার (৩০) বারুই গ্রামের আবুল হোসেনের স্ত্রী আর আফিলা বেগম (৪৫) বাঁশহাটি গ্রামের আবদুল গনির স্ত্রী।
পুলিশ ও স্থানীয়রা জানায়, দক্ষিণ বাঁশহাটি গ্রামের চাঁন মিয়ার পুত্র বুরহান উদ্দিন এক যুগ ধরে নিজ বাড়িতে আতশবাড়ি তৈরির কারখানা পরিচালনা করে আসছিলেন। সেই কারখানায় গ্রামের শতাধিক শ্রমিক পালাক্রমে কাজ করত। আতশবাজি নিজ জেলা ছাড়াও আশপাশ জেলাগুলোতে সরবরাহ করতেন। গতকাল সকালে কয়েকজন শ্রমিক কারখানায় কাজ শুরু করলে হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে কারখানার ওপরের টিন উড়ে যায় এবং দেয়াল ধসে পড়ে।
চন্ডীপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাব উদ্দিন ভূঁইয়া বলেন, গতকাল ভোরে এলাকায় বজ্রপাত ও বৃষ্টি হয়। এরপরই বোরহানের বাড়ির আতশবাজি তৈরির গুদামে বিস্ফোরণের শব্দ পায় এলাকাবাসী। তবে বজ্রপাতের কারণে বিস্ফোরণ হয়েছে কি না তা সঠিক করে বলা যাচ্ছে না।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ময়মনসিংহ জেলা পুলিশ সুপার, অতিরিক্ত পুলিশ সুপারসহ ডিবি, এনএসআই ও পিবিআইয়ের সদস্যরা। এ সময় পুলিশ সুপার মো. আহমার উজ্জামান বলেন, ঘটনাস্থল থেকে পটকা তৈরির ব্যাপক সরঞ্জাম পেয়েছি। এখানে বারুদের অস্তিত্ব পাওয়া গেছে। প্রাথমিকভাবে মনে হয়েছে এ বারুদে বিস্ফোরণ ঘটেছে। এ বিষয়ে আরও তদন্ত চলছে। ঘটনার পর বাড়ির মালিক বোরহান উদ্দিনসহ কয়েকটি বাড়ির লোকজন পলাতক রয়েছে।