রামপালে একজনকে কুপিয়ে হত্যা, চাচাতো ভাই আটক

বাগেরহাটের রামপালে দিদারুল আলম মল্লিক (৫০) নামে এক ব্যক্তিকে তার স্বজনরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠছে।

বুধবার রাত ৯টার দিকে রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের কুমলাই গাববুনিয়া গ্রামে এই হত্যাকাণ্ড ঘটে।

পুলিশ রাতেই হত্যার সঙ্গে জড়িত থাকার অভিযোগে নিহতের চাচাতো ভাই আব্দুস সাত্তার মল্লিককে (৪৫) গ্রেপ্তার করেছে। বৃহস্পতিবার সকালে নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

গ্রেপ্তার আব্দুস সাত্তার নিহত দিদারুলের আপন চাচাতো ভাই।

নিহত দিদারুল আলম মল্লিক রামপাল উপজেলার বাইনতলা ইউনিয়নের কুমলাই গাববুনিয়া গ্রামের ইউনুস মল্লিকের ছেলে।

স্থানীয়দের বরাতে রামপাল থানার ওসি মোহাম্মদ সামসুদ্দিন বলেন, রামপালের কুমলাই গাববুনিয়া গ্রামের দিদারুল ও আব্দুস সাত্তার আপন চাচাতো ভাই। কয়েক বছর আগে আব্দুস সাত্তারের স্ত্রী মারা যান।

বুধবার রাতে দিদারুল তার চাচাতো ভাইয়ের ছেলে আবু বক্করকে ডেকে বলে তোমার বাবাকে একটা বিয়ে দাও। চাচার এই কথা শুনে আবু বক্কর তার উপর ক্ষুব্ধ হয়ে তার বাবাকে নিয়ে দিদারুলকে প্রথমে লাঠিসোঁটা দিয়ে পেটাতে শুরু করেন। একপর্যায়ে আবু বক্কর ঘর থেকে দা এনে দিদারুলকে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে পালিয়ে যায়। পরে বাড়ির লোকজন গুরুতর আহত দিদারুলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, ‘পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে হত্যার সঙ্গে জড়িত আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করা হয়। আব্দুস সাত্তারের ছেলেকে ধরতে পুলিশের অভিযান অব্যাহত হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আব্দুস সাত্তার তার চাচাতো ভাইকে হত্যার কথা স্বীকার করেছেন।’