লালমনিরহাটে বিকাশ ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে টাকা লুট

লালমনিরহাটের কালীগঞ্জে বিকাশ ব্যবসায়ী আইয়ুব আলীকে কুপিয়ে হত্যা করে সর্বস্ব লুট করেছে দুর্বৃত্তরা।

বুধবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চন্দ্রপুর ইউনিয়নের বত্রিশ হাজারী গ্রামের চাপারহাট-সোনারহাট বাইপাস সড়কের কুঠিরপাড় এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী (৪০) উপজেলার চলবলা ইউনিয়নের হরিশ্বর এলাকার আব্দুল মতিনের ছেলে।

কালীগঞ্জ থানা-পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী আইয়ুব আলী বুধবার দিবাগত দেড়টার দিকে দোকান বন্ধ করে টাকার ব্যাগ নিয়ে নিজ মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন।

রমজান মাস হওয়ায় রাতে একটু দেরিতেই বাড়ি ফিরতেন আইয়ুব আলী। আগে থেকে ওৎপেতে থাকা দুর্বৃত্তরা তাকে আটকিয়ে উপর্যুপরি কুপিয়ে আহত করে টাকার ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

টাকা নিয়ে গেলেও তার ব্যবহৃত মোটরসাইকেল ফেলে রেখে যায় তারা। এ সময় সেখান থেকে একটি বড় রামদা উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, স্থানীয় একটি চক্র পূর্বপরিকল্পিতভাবে তার টাকা ছিনতাইয়ের জন্য এ ঘটনা ঘটিয়েছে।

কালীগঞ্জ থানার ওসি গোলাম রসুল বলেন, আইউয়ুব আলীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পুরো বিষয়টি নিয়ে পুলিশ তদন্ত করছে। টাকা উদ্ধারসহ দোষীদের গ্রেপ্তারে পুলিশ গুরুত্বসহকারে কাজ করছে।