মিলেনের পরিবর্তে চেন্নাইয়ে ‘নতুন মালিঙ্গা’

চোটে ছিটকে যাওয়া কিউই পেসার অ্যাডাম মিলেনের পরিবর্তে ‘নতুন মালিঙ্গা’ হিসেবে পরিচিত মাথিশা পাথিরানাকে দলে নিয়েছে চেন্নাই সুপার কিংস (সিএসকে)।

এবারের আইপিএলের মেগা নিলামে ১ কোটি ৯০ লাখ রুপিতে মিলেনকে দলে নিয়েছিল চেন্নাই। কিন্তু কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সিএসকে’র প্রথম ম্যাচ খেলতে নেমে হ্যামস্ট্রিংয়ে চোট পান তিনি। যার ফলে টুর্নামেন্টে থেকেই ছিটকে গেছেন কিউই তারকা।

তার পরিবর্তে ১৯ বছর বয়সী পাথিরানাকে দলে নিল চেন্নাই। শ্রীলঙ্কার এই মিডিয়াম পেসার নজর কাড়েন যুব বিশ্বকাপে। লঙ্কানদের হয়ে ২০২০ ও ২০২২ অনুর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলেছেন তিনি।

পাথিরানা চেন্নাইয়ে যোগ দিলেন ২০ লাখ রুপিতে। লঙ্কান কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গার মতো বোলিং অ্যাকশনের জন্য পাথিরানা ‘নতুন মালিঙ্গা’ নামে পরিচিতি পান।

১০ দলের পঞ্চদশ আইপিএলের পয়েন্ট তালিকায় ৬ ম্যাচে মাত্র ২ পয়েন্ট নিয়ে তালিকার ৯ম স্থানে আছে চেন্নাই।