লিগের মধ্যবর্তী দলবদলে রব উঠেছিল বসুন্ধরা কিংস ছেড়ে দেবে বাংলাদেশের নাগরিকত্ব পাওয়া নাইজেরিয়ান ফরোয়ার্ড এলিটা কিংসলেকে। জানতে পেরে মোহামেডান, মুক্তিযোদ্ধাসহ তিনটি ক্লাব ধারে তাকে নেওয়ার আগ্রহ দেখিয়েছিল। তবে শেষ পর্যন্ত কিংসলে থেকে যাচ্ছেন কিংসেই।
দলবদলের শেষ দিন তাকে রেখে দেওয়ার কথা জানিয়েছেন কিংস সভাপতি ইমরুল হাসান ‘কিংসলেও চেয়েছিল থেকে যেতে। আমরাও চেয়েছি তাকে ধরে রাখতে। সাবস্টিটিউট হিসেবে সে আমাদের অনেক ভালো সার্ভিস দিচ্ছে। এ কারণে সে আমাদের সঙ্গেই থাকছে।’ প্রথম পর্বে মাত্র ৬ ম্যাচে মূল একাদশে খেলার সুযোগ পেয়েছিলেন ৩২ বছর বয়সী ফরোয়ার্ড কিংসলে। তবে বদলি হিসেবে নেমে দলের প্রয়োজনে করেছেন ৫ গোল। বিশেষ করে প্রথম পর্বের শেষ ম্যাচে শেখ জামালের বিপক্ষে শেষ মুহূর্তে জোড়া গোল করে কিংসকে গুরুত্বপূর্ণ ১ পয়েন্ট পাইয়ে দেন এই ফরোয়ার্ড। তার পুরস্কারই পেলেন দুই মৌসুম আগে কিংসে যোগ দেওয়া কিংসলে।