দেশ রূপান্তরে গতকাল বৃহস্পতিবার ‘তারেকের জাতীয় সরকার ফর্মুলা/ভিন্নমতে ক্ষুব্ধ বিএনপি’ শিরোনামে প্রকাশিত সংবাদে তার উদ্ধৃতির বিষয়ে প্রতিবাদ জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। তিনি বলেছেন, ‘প্রতিবেদক আমাকে উদ্ধৃত করে যা লিখেছেন, তা ডাহা মিথ্যা এবং উদ্দেশ্যপ্রণোদিত। বিএনপি সম্পর্কে এমন কথা বলার প্রশ্নই ওঠে না। আমার সঙ্গে তার এমন কোনো কথাই হয়নি। তিনি তার গল্পপ্রবাহের যৌক্তিকতা সাজাতে এমন মিথ্যা আমার মুখে বসিয়ে দিয়েছেন। বস্তুত আমি দলীয় ব্যাখ্যাতলবমূলক পত্রের যে জবাব দিয়েছি, তার বিষয়বস্তু সম্পর্কে মিডিয়াকে বা কোনো সাংবাদিককে কিছুই বলিনি। বলা সমীচীনও নয়।’
প্রতিবেদকের বক্তব্য : প্রতিবেদনটি করা হয়েছে বিএনপির কিছু নেতার দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে জাতীয় সরকারের দাবিতে নিজেদের মতো করে কর্মসূচি পালন করা নিয়ে। এ নিয়ে শওকত মাহমুদের সঙ্গে কথা হয়েছে, যা প্রতিবেদনে রয়েছে। বিএনপির পক্ষ থেকে তাকে যে শোকজ করা হয়েছে তার জবাব নিয়ে সংবাদ প্রকাশ করা হয়নি।